বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনমান উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা গড়ে তুলতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ‘স্টার্ট আপ’ তহবিল, নারী উদ্যোক্তা ও তরুণ উদ্যোক্তা তৈরিতে ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার সংসদে ঢাকা-৪ আসনের বিরোধী দলীয় (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, দেশের নিম্ন ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, চলমান ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে স্টার্ট-আপ তহবিল খাতে ইতোমধ্যে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী অর্থবছরে এ খাতে বরাদ্দ বাড়িয়ে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা হবে।
সংসদে উত্থাপিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা তুলে ধরেন।
প্রথমত, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ঢাকা মহানগরের অবকাঠামো, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ঢাকা-৪ আসনের চাহিদা বিবেচনায় স্থানীয় অবকাঠামো উন্নয়ন এবং নিম্ন ও মধ্য আয়ের মানুষের জীবনমান উন্নয়নে আগামী বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।
দ্বিতীয়ত, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা আরো সম্প্রসারণ করা হবে। অর্থমন্ত্রী বলেন, সরকার ধারাবাহিকভাবে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতা’র পরিমাণ বৃদ্ধি করেছে। বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচির বরাদ্দ ও আওতা আগামী অর্থবছরে আরো বাড়ানোর বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
তৃতীয়ত, যুব কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সহজ শর্তে ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে যুব ঋণ বিতরণ করা হচ্ছে। পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড এবং অর্থ বিভাগের বিভিন্ন তহবিলের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণ সহায়তা দেওয়া হচ্ছে।
অর্থমন্ত্রী আরো জানান, তরুণ উদ্যোক্তারা যাতে সহজে অর্থায়ন, প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা পেতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যাংক ও সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। সরকারের এসব উদ্যোগ নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরো গতিশীল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































