আশুলিয়ায় মধ্যরাতে আগুনে পুড়ল চলন্ত ট্রাক

সাভারের আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি ট্রান্সপোর্ট এজেন্সির চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ট্রাকটি ছাড়াও যানটিতে থাকা বিপুল স্টেশনারিজ, গাড়ির টায়ার ও ইলেকট্রিকসহ আনুমানিক প্রায় ৭-৮ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
বুধবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল রাতে রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে বিপুল স্টেশনারিজ, গাড়ির টায়ার ও ইলেকট্রিকসহ বিভিন্ন মালামাল নিয়ে একটি ট্রাক পাবনায় যাচ্ছিলো। ট্রাকটি ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছলে হঠাৎ এর পেছনের অংশে আগুন ধরে যায়। আগুন পরবর্তীতে দ্রুত পুরো ট্রাকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ট্রাক ও এতে থাকা আনুমানিক প্রায় ৭-৮ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, পুড়ে যাওয়া ট্রাকটি মহানগর ট্রান্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠানের হয়ে রাজধানী থেকে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীদের কাছে পণ্য পরিবহন করে থাকে। গতকাল রাতে ট্রাকটি পাবনা জেলার বেশ কিছু ব্যবসায়ীর বিভিন্ন ধরনের পণ্য পরিবহন করছিল।
ইঞ্জিনের ওভারহিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ঢাকাটাইমস/১৬জানুয়ারি/আইআই/এমআর
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মন্তব্য করুন












































