বাংলাদেশ ক্রিকেটের টেস্ট মর্যাদার সেদিনে…

শহিদুল আজম
  প্রকাশিত : ২৭ জুন ২০২০, ১৬:২৬
অ- অ+

বিপুল ক্রিকেট সমর্থক আর আয়োজনের দক্ষতায় বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)র গুডবুকে ছিলো সব সময়ই। দরকার ছিলো ক্রিকেটারদের পারফরম্যান্স। কুয়ালালামপুর আইসিসি ট্রফিজয় করে বাংলাদেশ দল যখন তাদের অভিষেক বিশ্বকাপে পাকিস্তান এবং স্কটল্যান্ডকে হারিয়ে দেয়, তখন টেস্ট মর্যাদা পাওয়া হয়ে যায় সময়ের ব্যাপার। আর এ নিয়ে ক্রিকেট বিশ্বে দুতিয়ালি করার দক্ষ সংগঠক সাবের হোসেন চৌধুরী তো তখন বোর্ডের সভাপতি।

কাজেই আমরা সবাই নিশ্চিতই ছিলাম ২০০০ সালেই বাংলাদেশ টেস্ট মর্যাদা পাচ্ছে। আর তাই আবারও ইতিহাসের স্বাক্ষী হওয়া কিংবা উদযাপনে নানা পরিকল্পনা সাজাচ্ছিলাম যে যার মতো। ঢাকায় এশিয়া কাপ ক্রিকেটের সময় বন্ধু, প্রিয় শিল্পী শুভ্র দেবের অনুপ্রেরণায় লিখে ফেলি জীবনের প্রথম গান হাউ'স দ্যাট। মাঠে ক্রিকেটে জয় পেলেই এ গানটি বেজে উঠতো বিটিভিতে। প্রথম গানের এমন জনপ্রিয়তায় তর সইছিলো না। আবারও এগিয়ে এলেন শুভ্র দেব।

বললেন, চলুন একটা অনুষ্ঠান বানিয়ে ফেলি, আপনি উপস্থাপনা করবেন। দুজন মিলে পরিকল্পনা। যেই ভাবা, সেই কাজ। ক্যামেরা ক্রেন নিয়ে শুরু হয়ে গেলো শুটিং। এ মাঠ থেকে ওই মাঠ। এই অফিস থেকে ওই অফিস। টেস্ট মর্যাদা পেলে কি হবে, তারই আগাম প্রতিক্রিয়া। অর্নেটের পরিচালনায় নিরলসভাবে কাজ শেষে অনুষ্ঠানটির নাম চূড়ান্ত হলো-স্বপ্ন পূরণের মুহূর্তে । ২৬ জুন লর্ডসে আইসিসির বৈঠক। বোর্ড সভাপতি সাবের হোসেন চৌধুরী লন্ডন যাত্রা করতে না করতেই অনুষ্ঠানটি নিয়ে শুভ্র দেব আর আমি গেলাম বিটিভিতে।

জানালাম, একটা অনুষ্ঠান বানিয়েছি, যদি দেখতেন প্রচারযোগ্য কীনা। বড় কর্তারা পাত্তা দিতে চাইলেন না। বিটিভি বাইরের নির্মাণ কেনো প্রচার করবে তারা ? কথা হয়তো ঠিক। কিন্তু বিটিভি তো কোন পরিল্পনা করেনি। আমলাতান্ত্রিক জটিলতা শেষ করে এত দ্রুত অনুষ্ঠান করাও কঠিন ছিলো বিটিভির । তবে,আমাদের মনে হয়েছিলো, টেস্ট মর্যাদা পাওয়ার বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছিলেন না বিটিভির বড় কর্তারা। কিংবা এর গুরুত্বই বুঝতে পারেননি। ব্যতিক্রম কেবল মোস্তফা কামাল সৈয়দ ভাই। তিনি আমাদের কথা শুনলেন। সহানুভূতি দেখালেন। এমনকি আশ্বস্তও করলেন, আমদের নির্মিত অনুষ্ঠানটি দেখবেন। মতামত জানাবেন।

অসম্ভব এই ভালো মানুষটি তাঁর কথা রাখলেন। সায় দিলেন অনুষ্ঠানটি প্রচারযোগ্য। সাহসও দিলেন, আমাদের চেষ্টা ভালো হয়েছে। কিন্তু যারা প্রচারের দায়িত্বে, তারা কথা দিতে পারলেন না। বিটিভির সিডিউল পূর্বির্ধারিত। হঠাৎ কি আর সময় বের করা যায়? কিন্তু আমরা হার মানতে রাজি ছিলাম না। শুভ্র দেব আর আমি আশায় বুক বাধলাম, টেস্ট মর্যাদা পেলেই তো অনুষ্ঠান চলার বিষয়। টেস্ট মর্যাদা পাওয়ার ঘোষণাটা আগে আসুক। তারপর দেখি কি হয়। এলো সেই মাহেন্দ্রক্ষণ। ২০০০ সালের ২৬ জুন দুপুরেই এলো ঘোষণা, আইসিসি টেস্ট মর্যাদা দিয়েছে বাংলাদেশকে। দেশ আবারও মেতে উঠলো ক্রিকেট উৎসবে। এমন অর্জনে রাষ্ট্রীয় টেলিভিশন চুপ করে থাকে কি করে। পূর্ব প্রস্তুতি না থাকায় নিজেদের কোন অনুষ্ঠান নেই বিটিভির। অগত্যা আমাদের নির্মাণেই কর্মকর্তারা মুখ রক্ষার সুযোগ খুঁজলেন।

বিকেল থেকেই ফিলার হিসেবে চলতে শুরু করলো আমাদের অনুষ্ঠানের জন্যে নেয়া বিশিষ্টজনদের প্রতিক্রিয়া। নায়করাজ রাজ্জাকসহ অনেক খ্যাতিমানের মুখোমুখি হয়েছিলাম আমরা। বিটিভিতে খন্ড খন্ড করে চলছিলো সব। এরপর ঘোষণা এলো, রাত ৮টার বাংলা সংবাদের পর অর্থ্যাৎ প্রাইম টাইমে প্রচারিত হবে আমার উপস্খাপনায় 'স্বপ্ন পূরণের মুহূর্তে ' অনুষ্ঠানটি। অবিশ্বাস্য লেগেছিলো প্রথমে। তবে ইতিহাসের স্বাক্ষী হবার বিরল সুযোগে অভিভূত হয়েছি। অবশ্য এই কৃতিত্বটা প্রিয় শিল্পী শুভ্র দেবেরই।

আজ টেস্ট মর্যাদা প্রাপ্তির সেই দিন। দেখতে দেখতেই কুড়ি বছর হয়ে গেলো। অনেক কিছুই ভুলে গেছি নতুন নতুন প্রাপ্তির আনন্দে। তবে, তখন আবেগটা অনেক বেশি ছিলো। না পেতে পেতে ছোট পাওয়ায় বড় আনন্দ ছিলো। টেস্ট মর্যাদা পাওয়া উপলক্ষে পরে অবশ্য ঘটা করে অনুষ্ঠান হয়েছে অনেক বড় বাজেটে। তবে, বিটিভির তাৎক্ষনিক মুখ রক্ষার অনুষ্ঠানটি করে দিয়েছিলাম শুভ্রদেব আর আমিই। এই অনুষ্ঠান নির্মাণের খরচ থেকে যে অর্থ বেঁচেছিলো, তা দিয়ে স্টেডিয়ামে প্রথম উৎসবটিও করেছিলাম আমরা বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির ব্যানারে। তৎকালীন ক্রীড়াপ্রতিমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত হয়েছিলেন সেখানে। শ্রদ্ধায় স্মরণ করি শিল্পী সুবীর নন্দীকে। সম্মান জানাই সৈয়দ আবদুল হাদী, শাকিলা জাফর এবং আমার বন্ধূ শুভ্রদেবকে। বিনা পারিশ্রমিকে যাঁরা সেদিনের খোলা মাঠের উৎসবে গান গেয়েছেন। কুড়িবছর পর হয়তো সেই স্মৃতি অনেকেই খুঁজবেন না। তবে, আমাদের কাছে সোনালী স্মৃতি। ভালোবাসা এমনই। দশকের পর দশকেও যেখানে মরিচা পড়ে না।

লেখক: সাংবাদিক

ঢাকাটাইমস/২৭জুন/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4