পা মচকে শয্যাশায়ী শাওন

অভিনেত্রী, গায়িকা ও পরিচালক মেহের আফরোজ শাওনের ভক্তদের জন্য দুঃসংবাদ। পা মচকে আহত হয়েছেন তাদের পছন্দের তারকা। একদম শয্যাশায়ী হওয়ার মতো আহত শাওন। ব্যান্ডেজ করা পা ও দুটি ক্রাচের ছবি ফেসবুকে পোস্ট করে ভক্তদের এই দুঃসংবাদটি শাওনই জানিয়েছেন। তবে সেখানে বিস্তারিত কিছু জানাননি।
পরে বিস্তারিত জানতে শাওনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে ঘুমাতে যাওয়ার আগে বাথরুমে ঢুকতে গিয়ে হোঁচট খাই। এতে পা মচকে যায়। চিকিৎসকের দ্বারস্থ হলে তিনি সপ্তাহখানেক বিশ্রামে থাকতে বলেছেন। নইলে পায়ে নাড়াচাড়া পড়লে এটা সারতে দীর্ঘ সময় লেগে যাবে। ভোগান্তিও বাড়তে পারে। তাই চিকিৎসকের পরামর্শ মেনে শয্যাশায়ী হয়েছি।’
শাওন বছরের বেশিরভাগ সময় আমেরিকার নিউ ইয়র্কে থাকেন। কিছু ব্যক্তিগত কাজে গত ১৬ মার্চ দেশে ফেরেন। কিন্তু দেশে এসে করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে ছিলেন হোম কোয়ারেন্টাইনে। ফলে যেসব কাজের উদ্দেশ্যে তিনি দেশে এসেছিলেন, তার খুব কমই করতে পেরেছেন। পরিবারের সদস্যদের থেকেও দূরে ছিলেন তিনি।
তবে নির্দিষ্ট সময় শেষে ছেলেসহ পরিবারের সদস্যদের সঙ্গে মিশতে শুরু করেন শাওন। করোনায় ঘরবন্দি সময়ের এই দীর্ঘকাল তিনি ঘরেই থেকেছেন। ভক্ত-অনুরাগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। লকডাউন ঘোষণার কিছুদিন পর ভক্ত-অনুরাগীদের সচেতন করতে ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন শাওন।
ঢাকাটাইমস/১৬আগস্ট/এএইচ
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































