১০ কোটিতে বিক্রি এক রুপির কয়েন

এক রুপিতে ১০ কোটি! লটারি নয়, একটি নিলামে ভারতের একটি এক রুপির কয়েন বিক্রি হয়েছে ১০ কোটি রুপিতে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১১ কোটি টাকা। কয়েনটির বয়স ১৩৬ বছর। পরিধিতে এখনকার সাধারণ এক রুপির কয়েনের থেকে কিছুটা বড়। মুদ্রাটির বিশেষত্ব হল, এর এক পিঠে খোদাই করা রয়েছে ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়ার ছবি। অন্য পিঠে ইংরেজি বর্ণে লেখা ‘ওয়ান রুপি ইন্ডিয়া ১৮৮৫’। খবর আনন্দবাজারের।
ভারতে ব্রিটিশ শাসনকালে ১৮৮৫ সালে মুম্বাইয়ের কোনো মিন্টে কয়েনটি বানানো হয়েছিল বলে অনুমান। তার ৯ বছর আগেই ভারতীয় মুদ্রায় সামান্য পরিবর্তন এসেছিল। কয়েনে রানি ভিক্টোরিয়ার বদলে লেখা শুরু হয় সম্রাজ্ঞী ভিক্টোরিয়া বা ‘ভিক্টোরিয়া এমপ্রেস’। নিলামে ওঠা কয়েনটি সেই সময়কালের।
পুরনো কয়েন, নোট বা বিদেশি মুদ্রা জমানোর শখ অনেকেরই আছে। ইন্টারনেটে এই সব শখ মেটানোর রসদও পাওয়া যায়। বিভিন্ন সাইটে পুরনো মুদ্রা কেনাবেচার সুযোগ থাকে। তেমনই এক ওয়েবসাইটে নিজের সংগ্রহ থেকে ওই কয়েনের ছবিটি পোস্ট করেছিলেন এক সংগ্রাহক। কয়েনটি কেনার জন্য এরপর হুড়োহুড়ি পড়ে যায় সংগ্রাহকদের মধ্যে।
এর আগে গত জুন মাসে ১৯৩৩ সালের আমেরিকার একটি কয়েন এক কোটি ৮৯ লক্ষ ডলারে বিক্রি হয়েছিল।
(ঢাকাটাইমস/১৯ সেপ্টেম্বর/এসইউএল)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







