পুবাইলে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

দেবীদুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ আর জগতের শান্তি প্রতিষ্ঠা হবে। এ বিশ্বাস নিয়ে প্রতিবারের মতো এবারও পুবাইলের নয়টি পূজামণ্ডপে চলছে দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি।
মণ্ডপে মণ্ডপে ঘুরে দেখা গেছে, পুবাইলের ৪১ নম্বর ওয়ার্ডের ছিকুলিয়া, পূবাইল বাজার, সাতানীপাড়া, উধুর, সোড়ল, ভাদুন, ৪০ নম্বর ওয়ার্ডের মাজুখান, ৪২ নম্বর ওয়ার্ডের হারবাইদ শারদীয় দুর্গা উৎসব নিয়ে পূজা মণ্ডপ সজ্জিত করার কাজ পুরোদমে চলছে। ব্যস্ত সময় কাটাচ্ছে মণ্ডপের সাজসজ্জা ও প্রতিমা তৈরির সংশ্লিষ্ট মৃৎশিল্পীরা। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় এ উৎসবকে ঘিরে থানার জনসাধারণের মাঝে রয়েছে উৎসবের আমেজ।
পুবাইল থানা উদযাপন কমিটির সভাপতি সুনীল দেবনাথ জানান, আগামী ১১ অক্টোবর থেকে শুরু হবে আমাদের পূজার আনুষ্ঠানিকতা, শেষ হবে ১৫ অক্টোবর। আমরা প্রতিবছর সরকারিভাবে আর্থিক সহযোগিতা পেয়ে থাকি। আশা রাখি এবছরও পাবো।
পুবাইল থানা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র সাহা জানান, আমাদের দেবী মা আসবে ঘোড়ায় করে যাবে দোলায় করে। এ বছর আমাদের প্রার্থনা থাকবে যে, বিশ্ব থেকে যেন করোনা দূর হয়ে যায়।
পুবাইল থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম ঢাকা টাইমসকে জানান, আগামী মাসে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা শুরু হবে। এ ব্যাপারে প্রত্যেকটি পূজামণ্ডপে নিরাপত্তা বাড়ানো হবে। যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































