রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে (আরএনপিপি) এক রুশ নাগরিকদের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার।
রবিবার রাতে প্রকল্পের আবাসিক এলাকার গ্রীনসিটির লিফটের সামনে পড়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত রাশিয়ান নাগরিকের নাম ইভানভ এ্যান্টন (৩৩)। তিনি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান রোশেম কোম্পানিতে ইনস্ট্রলার হিসেবে কর্মরত ছিলেন। প্রকল্পের গ্রীনসিটির ২ নম্বর ভবনের ১২ তলার ১২৬ নম্বর ফ্লাটে থাকতেন তিনি।
ওসি অরবিন্দ সরকার জানান, রাতে ইভানভ গ্রীনসিটির পাশের এক রেস্তোরাঁ থেকে খাবার কিনে রুমে ফেরার সময় লিফট থেকে নেমে পড়ে যান। এসময় তিনি কয়েকবার বমিও করেন। সংবাদ পেয়ে ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন এবং মরদেহ পুলিশে হস্তান্তর করা হয়। রোশেমের ডাক্তার মৃত্যুর ঘটনাকে সার্টেন হার্ট এ্যাটাক বলেছেন।
তিনি আরও জানান, ইভানভের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।
এ পর্যন্ত আলোচিত এই প্রকল্পে কর্মরত ১৮ রাশিয়ান নাগরিকের মৃত্যু হলো। প্রকল্পের কর্মকর্তাদের মধ্যে অর্ধেকই রাশিয়ান। রাশিয়া, ভারত, ইউক্রেন, বেলারুশ, পোল্যান্ড, অস্ট্রেলিয়াসহ ১৫টি দেশের পাঁচ হাজার ৪শর মতো নাগরিক এখানে কাজ করেন। এর মধ্যে রাশিয়ানদের সংখ্যাই তিন হাজার ৮০০।
(ঢাকাটাইমস/১৩জুন/এমআই/এফএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































