শিশু ফিরোজাকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেন কবি নজরুল

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৩, ১০:১৩
অ- অ+

১০-১১ বছরের মেয়ে। কলকাতার এইচএমভি স্টুডিওতে ভাই এবং মামার সঙ্গে গেছে গানের অডিশন দিতে। রিহার্সাল রুমে ঢুকে সে দেখে, ঘিয়ে রঙের পাজামা-পাঞ্জাবি, মাথায় টুপি, চোখে সোনালি ফ্রেমের চশমা পরা এক ব্যক্তি বসে আছেন। সেই ব্যক্তি মন দিয়ে মেয়েটির গান শুনলেন।

সেদিন বালিকার নিবেদনে ছিল, ‘যদি পরাণে না জাগে আকুল পিয়াসা’, দ্বিজেন্দ্রলাল রায়ের ‘কালো পাখিটা মোরে কেন করে জ্বালাতন’। রিহার্সাল রুমের সেই ব্যক্তি সেদিন মেয়েটির গান শুনে তারিফ করে বলেছিলেন, ‘তোমরা দেখো, এই মেয়ে একদিন খুব নামকরা শিল্পী হবে’।

সেদিনের সেই ছোট্ট মেয়েটি ছিলেন উপমহাদেশের কিংবদন্তি নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগম। অন্যদিকে, রিহার্সাল রুমে বসে যে ব্যক্তি তার গান মনোযোগ সহকারে শুনেছিলেন এবং তারিফ করে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তিনি আর কেউ নন, স্বয়ং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম!

শুক্রবার সেই প্রয়াত কিংবদন্তি নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগমের জন্মদিন। ১৯৩০ সালের ২৮ জুলাই তার জন্ম। বাঙালির সংগীত, সংস্কৃতির অন্যতম বিশিষ্ট মুখ তিনি। সব ধরনের গান গাইলেও মূলত নজরুলগীতির শিল্পী হিসেবেই গণমনে তিনি সর্বাধিক পরিচিত ছিলেন। সমগ্র ভারতীয় উপমহাদেশেই তিনি নজরুলসংগীতের জন্য বিখ্যাত হয়ে আছেন।

নজরুলগানের কিংবদন্তি এই শিল্পীর ২০২১ সালের জন্মদিনে তার উপর এক অসাধারণ ডিজিটাল আর্কাইভের সূচনা হয়। বিশেষ দিনেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ‘ফিরোজা বেগম আর্কাইভ’ (www.ferozabegum.com)। যেটি আয়োজনের নেপথ্যে শিল্পীরই ভাইঝি তথা বিশিষ্ট সংগীতশিল্পী সুস্মিতা আনিস এবং তার পরিবার।

কী কী রয়েছে সেই ডিজিটাল আর্কাইভে? রয়েছে শিল্পীর জীবনী, তার প্রাপ্ত পুরস্কারের তালিকা, তার সমগ্র গানভাণ্ডার- নজরুলগান, রবীন্দ্রসংগীত, আধুনিক বাংলা গান, কাব্যগীতি, গীত ও গজল। শ্রোতারা এখানে শুনতে পাবেন ফিরোজা বেগমের সব গান। রয়েছে গানের যাবতীয় তথ্যও।

রিলিজের সাল, সুরকার-গীতিকারের নাম, প্রকাশক কোম্পানির নাম। রয়েছে বিভিন্ন অনুষ্ঠানের দুর্লভ সংগ্রহ। টেলিভিশন থেকে রেডিও, মঞ্চের অনুষ্ঠান থেকে সাক্ষাৎকার- সবই মিলবে এক ক্লিকে। থাকছে বিভিন্ন বাংলা-ইংরেজি পত্র-পত্রিকায় প্রকাশিত ফিরোজার সাক্ষাৎকার, অনুষ্ঠান সমালোচনা, প্রতিবেদন।

আর্কাইভে রয়েছে ফিরোজা বেগমের ফটোগ্যালারিও। রয়েছে এমন ছবিও, যাতে ধরা রয়েছে তার পারিবারিক জীবন, সংগীতজীবন। আছে বিভিন্ন দিকপালদের সঙ্গে শিল্পীর ছবি, বিভিন্ন প্রজন্মের শিল্পীর তাকে ঘিরে স্মৃতিকথা।

পাশাপাশি রয়েছে শিল্পীর হাতে লেখা নোটবুকের কপি, চিঠিপত্র। আছে তার স্বামী প্রখ্যাত সুরকার কমল দাশগুপ্তের জীবনী, তার গানের খাতার প্রতিলিপি, পত্র-পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন, গান এবং ছবি।

২৮ জুলাই শিল্পী ফিরোজা বেগমের স্বামী তথা প্রখ্যাত সংগীত ব্যক্তিত্ব কমল দাশগুপ্তেরও জন্মদিন। ১৯১২ সালের এই দিনে কমল জন্মগ্রহণ করেন। ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রথিতযশা সংগীতশিল্পী, প্রসিদ্ধ সুরকার ও সংগীত পরিচালক ছিলেন তিনি। কবি নজরুলের বহু গানেও তিনি সুর দিয়েছেন।

(ঢাকাটাইমস/২৮জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4