সিলেটে ২৪ ঘণ্টায় ৪০৪.৮ মি.মি. বৃষ্টির নতুন রেকর্ড, বন্যার আশঙ্কা

দুই বছর আগের রেকর্ড ভেঙে সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাতের নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪০৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সেখানে। আরও তিন দিন বৃষ্টি হতে পারে। এতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে।
রবিবার (১ জুন) আবহাওয়া অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শাহ মো. সজীব হোসাইন জানান, গতকাল শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৪০৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
এর আগে ২০২৩ সালের ২ জুলাই সিলেটে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত ৩০৭ মিলিমিটার রেকর্ড করা হয়েছিল।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, উল্লেখিত ২৪ ঘণ্টার মধ্যে শনিবার দুপুর ১২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ১৫৬ মিলিমিটার, তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৩৫ মিলিমিটার এবং সন্ধ্যা ছয়টা থেকে আজ ভোর ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় ২০৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়।
এর আগে, গত শুক্রবার ২৪ ঘণ্টায় সিলেটে ১৯৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়। অতিবৃষ্টি আর ভারত থেকে নামা ঢলের কারণে সিলেটে নদ-নদীর পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি রয়েছে। কোথাও কোথাও বিপৎসীমা অতিক্রম করেছে।
আবহাওয়া অফিস জানায়, সিলেটে আরও তিন দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃষ্টিপাতের ফলে সিলেটের নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এতে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে।
(ঢাকাটাইমস/১জুন/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































