টেকনাফে ৫০ লাখ টাকার ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল কক্সবাজারের টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া ঘাট সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকায় সন্দেহজনক একটি ডিঙ্গি নৌকায় তল্লাশি চালানো হয়। এ সময় নৌকাটি থেকে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











