চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে ৩ জনের মনোনয়নপত্র বাতিল

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ১৬ জন প্রার্থীর মধ্যে কাগজপত্র ত্রুটি থাকায় তিনজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যাচাই-বাছাই শেষে বৈধ ও বাতিল মনোনয়নপত্রের ঘোষণা দেন জেলা রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ।
যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. আফজাল হোসেন। হলফনামা ও আয়কর নথিতে তথ্যে মিল না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এই আসনে ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বর্তমানে এই আসনে প্রার্থী থাকলেন পাঁচজন।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনে জাতীয় পার্টির প্রার্থী খুরশিদ আলম বাচ্চুর মনোনয়পত্র বাতিল করা হয়েছে তাঁর দ্বৈত নাগরিকত্বর কোন তথ্য হলফনামায় উল্লেখ না করায়। এই আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বর্তমানে প্রার্থী থাকলেন চারজন।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ঋণ খেলাপী ও মামলার তথ্য গোপন করায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডির প্রার্থী ফজলুর রহমান খাঁন এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বর্তমানে প্রার্থী থাকলেন চারজন।
বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের প্রার্থীরা হলেন, বিএনপি প্রার্থী মো. শাহজাহান মিঞা, জামায়াত প্রার্থী মাওলানা কেরামত আলী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম ও ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা।
চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের প্রার্থীরা হলেন, বিএনপি’র মো. আমিনুল ইসলাম, জামায়াতের মু, মিজানুর রহমান, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির মো. সাদেকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহিম খলিল।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের প্রার্থীরা হলেন, বিএনপির মো. হারুনুর রশিদ হারুন, জামায়াতের নূরুল ইসলাম বুলবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম এবং গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম।(ঢাকা টাইমস/০৩জানুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































