দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ খাদ্য মজুদ: উপদেষ্টা

দেশে বর্তমানে এ যাবৎকালের সর্বোচ্চ পরিমাণ খাদ্যশস্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেছেন, সরকারি গুদামগুলোতে এখন প্রায় ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে।
আজ রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপদেষ্টা।
উপদেষ্টা জানান, চলতি বছরের ১ জানুয়ারিতে খাদ্যশস্যের এই মজুদ গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি।
মজুদের বিস্তারিত তথ্য তুলে ধরে খাদ্য উপদেষ্টা বলেন, বর্তমানে ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ মেট্রিক টন চাল, ২ লাখ ৩৩ হাজার ২২৪ মেট্রিক টন গম এবং ৯৭ হাজার ৪০৯ মেট্রিক টন ধান সরকারি সংগ্রহে রয়েছে।
অতীতের মজুদের তুলনা করে উপদেষ্টা জানান, এর আগে ২০২২ সালে সর্বোচ্চ ১৮ লাখ ৮১ হাজার টন মজুদ ছিল। এছাড়া ২০২৩ সালে ১৮ লাখ ২ হাজার টন, ২০২১ সালে ৭ লাখ ২৬ হাজার টন, ২০২৪ সালে ১৫ লাখ ৫২ হাজার টন এবং ২০২৫ সালে ১১ লাখ ৮৮ হাজার টন খাদ্যশস্য মজুদ ছিল।
খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে আলী ইমাম মজুমদার বলেন, ফুড মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৫০০ মেট্রিক টন ধান, ৬ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫৭ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
উপদেষ্টা বলেন, তবে ইতোমধ্যেই সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত ১ লাখ ৩১ হাজার মেট্রিক টন ধান, ৭ লাখ ৩২ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫৭ হাজার ৫৯৬ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা সম্ভব হয়েছে।
উপদেষ্টা বলেন, ‘আমাদের খাদ্য পরিস্থিতি সন্তোষজনক। পরবর্তী ফসল ভালো হলে আমরা এই বছরটা নিরাপদে কাটাতে পারব।’
বর্তমান অবস্থা স্বস্তিদায়ক উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘আমাদের সরকারের পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম অত্যন্ত সচল ও সক্রিয় আছে। এর মাধ্যমে আমরা চলমান কর্মসূচিগুলো পরিচালনা করতে পারছি এবং পারব।’ (ঢাকাটাইমস/৪জানুয়ারি/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































