বেগম জিয়ার জানাজায় প্রমাণ করেছে তিনি এদেশের মানুষের কত আপনজন ছিলেন: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বেগম খালেদা জিয়ার জানাজায় প্রমাণ করেছে তিনি এদেশের মানুষের কত আপনজন ছিলেন। এই দেশের নির্যাতিত নিপীড়িত সকল মানুষের দোয়া তিনি পেয়েছেন। সারা বিশ্বের মধ্যে এই পর্যন্ত ইতিহাসের সর্ববৃহৎ জানাজা তাঁর নসিব হয়েছে। এতেই বুঝা যায় তিনি এদেশের মানুষের কত প্রিয় ছিলেন এবং এদেশের মানুষ কত বেশি তার উপর আস্থা রাখতেন, ভরসা রাখতেন।
সোমবার দুপুরে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে রামপুর মিছবাহুল মাদ্রাসায় বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বেগম জিয়া তার সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন ত্যাগ স্বীকার করেছেন। তিনি তার সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, সব কিছু হারিয়েছেন কিন্ত পেয়েছেন এদেশের মানুষের ভালোবাসা। প্রতিষ্ঠা করেছেন এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার। আদায় করেছেন এদেশের মানুষের ভোটের অধিকার। আমরা সবাই যতদিন বেচে থাকবো আমরা তার ত্যাগকে মূল্যায়ন করবো।
তার এই শোককে আমরা শক্তিতে পরিণত করি এবং সেই শক্তি শুধু সংকীর্ণ নির্বাচনের কাজে ব্যবহার করবোনা আমরা, তার এই শোককে শক্তিতে পরিনত করে এই বাংলাদেশকে এই জাতিকে বির্নিমাণে প্রয়োগ করবো। যাতে এই জাতি জানুক এই জাতি গণতান্ত্রিক অধিকারের জন্য ত্যাগ স্বীকার করতে জানে।
এতে রামপুর মিছবাহুল মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
(ঢাকা টাইমস/০৫জানুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































