সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবী নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রানা সরদার (৩৫) নামে এক মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার তালা তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রানা সরদার উপজেলার জাতপুর দিক থেকে মোটরসাইকেলে করে তালার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস ‘লিটন ট্রাভেলস’-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে।
মানবিক ও সমাজসেবামূলক কাজে সক্রিয় একজন তরুণের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বেচ্ছাসেবী সংগঠনের সহকর্মী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। নিহতের পরিবারে চলছে শোক ও আহাজারি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিনুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
(ঢাকা টাইমস/১৩জানুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































