চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৭ জনকে পুশইন

চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।
বুধবার সকাল ৬টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তের ২১৯/২৯ আর সীমান্ত পিলারের নিকট দিয়ে তাদের পুশইন করা হয়।
নওগাঁ ব্যাটালিয়ন, ১৬ বিজিরি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ব্যাটালিয়ন অধিনায়ক জানান, বুধবার সকাল ৬টার দিকে চাড়ালডাংগা বিওপির টহলদল সীমান্ত পিলার ২১৯/২৯-আর হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত সবাই বাংলাদেশের খুলনা ও যশোর জেলার বাসিন্দা।
তারা ৫ থেকে ৬ বছর ধরে ভারতের আগ্রা জেলায় বসবাস করতো। সেখান থেকে পুলিশ তাদের আটক করলে ভারতের আগ্রা জেলা কারাগারে প্রায় ৩ বছর কারাভোগ শেষে সম্প্রতি মুক্তি পায় এবং কারাভোগ শেষে ভারতীয় পুলিশ তাদেরকে বিএসএফের নিকট হন্তান্তর করে।
পরবর্তীতে ১২ ব্যাটালিয়ন বিএসএফের অধীনস্থ টিলাশন বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ২১৯/২৯-আর এলাকা দিয়ে তাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশ করায়।
এসময় তাদের আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে।(ঢাকা টাইমস/১৪জানুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































