খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভায় থাকবেন তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজ আয়োজিত শোকসভায় উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শোকসভা অনুষ্ঠিত হবে।
তবে শোকসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন কি না স্পষ্ট নয়। আয়োজক কমিটির পক্ষে অধ্যাপক মাহবুব উল্লাহ জানান, শোক সভায় শুধু পেশাজীবী সমাজের আমন্ত্রিত ব্যক্তিরা বক্তব্য দেবেন। রাজনৈতিক দলের কেউ বক্তব্য দেবেন না।
আয়োজকদের মতে, এই আয়োজন কোনো জনসভা বা রাজনৈতিক সমাবেশ নয়। এটি শ্রদ্ধা জানানো ও নীরব উপস্থিতির একটি অনুষ্ঠান।
এ উদ্যোগে দেশের সব পেশাজীবী যুক্ত হয়েছেন- প্রকৌশলী, চিকিৎসক, সম্পাদক, সাংবাদিক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী, ধর্মীয় প্রতিনিধিসহ নাগরিক সমাজের বহু অংশ।
অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা উপস্থিত থাকবেন। বিদেশি কূটনৈতিক মিশন থেকেও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।
আমন্ত্রণপত্র ছাড়া কারও প্রবেশ নিষিদ্ধ। তবে অতিথিদের মধ্যে কেউ আমন্ত্রণপত্র আনতে ভুলে গেলে তার জন্য বিকল্প প্রবেশপত্র থাকবে, তবে তা কেবল তালিকাভুক্ত ব্যক্তিদের জন্য।
আয়োজকদের মতে, এ আয়োজন কোনো জনসভা বা রাজনৈতিক সমাবেশ নয়; এটি শ্রদ্ধা জানানো ও নীরব উপস্থিতির একটি অনুষ্ঠান।
মিডিয়ার প্রতিনিধিদের ব্যাপক আগ্রহ থাকায় আড়াই হাজারের বেশি আমন্ত্রণপত্র সাংবাদিকদের পাঠানো হয়েছে। ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন-প্রতিটি প্ল্যাটফর্মের জন্য আলাদা বুথ রাখা হয়েছে।
মাল্টিমিডিয়ার কর্মীরা আসতে পারবেন কি না, এমন প্রশ্নে আয়োজকেরা বলেন, ‘অফিস যাকে দায়িত্ব দেবে, সেই রিপোর্টার, ক্যামেরাম্যান বা মাল্টিমিডিয়া কর্মী প্রবেশ করতে পারবেন। তবে অবশ্যই আমন্ত্রণপত্র থাকতে হবে।’
লাইভ কভারেজের বিষয়ে আয়োজকেরা জানান, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাংবাদিকদের জন্য ওয়াই-ফাই, টাওয়ার ও অন্যান্য প্রযুক্তিগত সুবিধা রাখা হয়েছে। বিটিভি মূল লাইভ প্রচার করবে এবং অন্যান্য চ্যানেল চাইলে সেখান থেকে ফিড নিতে পারবে।
আয়োজকদের ভাষ্য, এ উদ্যোগে দেশের সব পেশাজীবী যুক্ত হয়েছেন- প্রকৌশলী, চিকিৎসক, সম্পাদক, সাংবাদিক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী, ধর্মীয় প্রতিনিধিসহ নাগরিক সমাজের বহু অংশ। বিদেশি কূটনৈতিক মিশন থেকেও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।
গতকাল এক সংবাদ সম্মেলনে সভার সার্বিক প্রস্তুতি তুলে ধরে অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর বিপুল সংখ্যক মানুষ তাঁর প্রতি শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। সে জন্য নাগরিক সমাজের পক্ষ থেকে এ আয়োজন। এটি একটি পবিত্র অনুষ্ঠান, গাম্ভীর্য রক্ষা করা অত্যন্ত জরুরি।
(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































