নরসিংদীতে ছাত্রদলকর্মী জাহিদুল হত্যায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নরসিংদীতে ছাত্রদলকর্মী জাহিদুলকে (২৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জনান র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার বিকালে র্যাব-১১ নরসিংদী ও র্যাব-১২ কুষ্টিয়ার যৌথ অভিযানে কুষ্টিয়া জেলার বটতৈল ভাদালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নওয়াপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে রাজন (৩৭) ও রাজনের স্ত্রী জারা (৩০)।
র্যাব- ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালে কুষ্টিয়া সদর এলাকায় যৌথ অভিযান চালায় র্যাব-১১ ও র্যাব-১২। অভিযানে গ্রেপ্তার করা হয় মূল পরিকল্পনাকারী রাজন ও তার সহযোগী জারাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের নরসিংদীর মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে র্যাব।
গত ২৯ ডিসেম্বর জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর এলাকার মোশারফ হোসেন ভূইয়ার ছেলে ও ইউনিয়ন ছাত্রদল কর্মী জাহিদুল ইসলামকে বাড়ি থেকে মাধবদী থানার নওয়াপাড়া এলাকায় ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে নিহতের বাবা মোশাররফ হোসেন ভূইয়া বাদী হয়ে গ্রেপ্তার রাজন ও তার স্ত্রী জারাকে প্রধান আসামিসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের নামে মাধবদী থানায় হত্যা মামলা করেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































