তাৎক্ষণিক পুলিশি পদক্ষেপে ধরা পড়ে পেট্রোল পাম্প হত্যাকাণ্ডের আসামিরা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজবাড়ী সদর থানাধীন গোয়ালন্দ মোড় সংলগ্ন একটি পেট্রোল পাম্পে গাড়ি চাপা দিয়ে এক যুবককে হত্যার ঘটনায় দুইটি মামলা রজু হয়েছে। এ ঘটনার পরপরই এ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও পুলিশের তৎপরতায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রাজবাড়ী জেলা পুলিশের এক বিবৃতিতে জানা গেছে, গত ১৬ জানুয়ারি ভোর রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে রাজবাড়ী সদর থানাধীন গোয়ালন্দ মোড় সংলগ্ন করিম ফিলিং স্টেশনে গাড়ির চাপায় নিহত হন রিপন সাহা (২৯)। তিনি খানখানাপুর সাহাপাড়া এলাকার বাসিন্দা।
ঘটনার পর জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। ফুটেজ বিশ্লেষণে কালো রঙের একটি জিপ গাড়ি (রেজিস্ট্রেশন: ঢাকা মেট্রো ঘ-১৩-৩৪৭৬) শনাক্ত করা হয়। তদন্তে জানা যায়, গাড়িটির মালিক মো. আবুল হাসেম সুজন (৫৪) এবং চালক কামাল হোসেন সরদার (৪৩)।
এছাড়া পেট্রোল পাম্পের কর্মচারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই গাড়িটি ভোরে পাম্পে এসে পাঁচ হাজার টাকার জ্বালানি নেয়। কিন্তু টাকা পরিশোধ না করে সময় ক্ষেপণ করতে থাকে গাড়ির মালিক। একপর্যায়ে তার নির্দেশে চালক দ্রুত গাড়ি নিয়ে পাম্প ত্যাগ করার চেষ্টা করলে রিপন সাহা বাধা দেন। তখন গাড়িটি তার ওপর তুলে দিয়ে পালিয়ে যায় চালক। এতে ঘটনাস্থলেই মাথা থেতলে রিপন সাহার মৃত্যু হয়।
পরবর্তীতে রাজবাড়ী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে প্রথমে গাড়ির মালিক আবুল হাসেম সুজনকে রামকান্তপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার হেফাজত থেকে জিপ গাড়িটি উদ্ধার করে জব্দ করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামি চালক কামাল হোসেন সরদারকে বানীবহ নিজপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
নিহতের ছোট ভাই প্রতাপ সাহা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। পুলিশ জানায়, আবুল হাসেম সুজনের বিরুদ্ধে আগে থেকেই একটি অস্ত্র মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।
যথাযথ আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে দুই আসামিকে আদালতে পাঠানো হয়। এ সময় চালক কামাল হোসেন সরদার ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































