বিএনপি নেতা ফজলুর রহমান গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিটামইন-অষ্টগ্রাম) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাকে কিশোরগঞ্জের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভৈরবে আয়োজিত জনসভায় যোগ দিতে বাজিতপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন ফজলুর রহমান। তবে পথিমধ্যে হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দিলে তার সঙ্গে থাকা নেতাকর্মীরা দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন।
হাসপাতালের পরিচালক ডা. বাহার উদ্দীন ভুঁইয়া গণমাধ্যমকে জানান, বর্তমানে ফজলুর রহমানের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রথমদিকে তার তীব্র শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। দ্রুত অক্সিজেন দেওয়ার পর শ্বাসকষ্ট কিছুটা কমে আসে।
তিনি আরও জানান, ফজলুর রহমানের প্রয়োজনীয় চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে।
প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারেন। তবে সব পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই চূড়ান্তভাবে বিষয়টি নিশ্চিত করা যাবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































