ফসলি ক্ষেত থেকে ‘এমপি প্রার্থীর’ মরদেহ উদ্ধার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত মুফতি মোহাম্মদ নাসির উদ্দিন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। বৃহস্পতিবার সকালে তার বাড়ির পাশের ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তার জামাতা ডা. হিমেল। তিনি জানান, বৃহস্পতিবার সকালে তার বাড়ির পার্শ্ববর্তী একটি ফসলি ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, বুধবার সন্ধ্যার পর থেকে সারারাত তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটির সংযোগ বন্ধ পাওয়া যায়।
স্থানীয় সূত্র জানায়, মুফতি নাসির উদ্দিনের বসতবাড়ির পাশে নিজস্ব একটি ফসলি ক্ষেতে স্থাপিত বিদ্যুৎচালিত সেচযন্ত্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ক্ষেতের ভেতর তার মরদেহ দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে খবর দেন।
তার আকস্মিক মৃত্যুতে ঘাটাইলের আলেম সমাজ, সচেতন মহল, রাজনৈতিক অঙ্গন এবং তার অসংখ্য ভক্ত ও অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জমিয়তে উলামায়ে ইসলাম, বিএনপিসহ বিভিন্ন ইসলামী ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন মুফতি মোহাম্মদ নাসির উদ্দিন। পরবর্তীতে সংগঠনটি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হলে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করে সাম্প্রতিক এক সভায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ওবায়দুল হক নাসিরের প্রতি সমর্থন ঘোষণা করেন।
নিহত মুফতি মোহাম্মদ নাসির উদ্দিনের গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকরাজান ইউনিয়নে। তিনি পরিবার নিয়ে ঘাটাইল পৌর এলাকার কলেজ রোডে স্থায়ীভাবে বসবাস করতেন। কর্মজীবনে তিনি ঘাটাইল উপজেলার হামিদপুর ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইসলামি শিক্ষায় সুদক্ষ এই আলেম একাধারে একজন মুহাদ্দিস ও প্রাজ্ঞ ইসলামী চিন্তাবিদ হিসেবে পরিচিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































