গাজীপুরে অটোরিকশা চালকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অটোরিকশা চলাচলের অনুমতি ও পুলিশি হয়রানি বন্ধের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন অটোরিকশা চালকরা। এতে মহাসড়কের উভয় লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে সাধারণ যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
আজ রবিবার (২৫ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টা ৩৫ মিনিটে শ্রীপুর থানাধীন পুরান বাজার এলাকার তুলা গবেষণা কেন্দ্রের সামনে প্রায় ২০০ থেকে ২৫০ জন অটোরিকশা চালক একত্রিত হয়ে এই অবরোধ কর্মসূচি পালন করেন।
অবরোধকারীরা মহাসড়কে অটোরিকশা চলাচলের বৈধ অনুমতি প্রদান এবং অযৌক্তিক পুলিশি হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ করেন। তাদের অবস্থানের কারণে ঢাকা ও ময়মনসিংহমুখী যানবাহন দীর্ঘ সময় মহাসড়কে আটকে পড়ে।
অবরোধের ফলে কর্মজীবী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
শ্রীপুর থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। পুলিশ অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে মহাসড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির আহমেদ বলেন, “ঘটনাটির বিষয়ে আমি অবগত হয়েছি। সড়ক অবরোধের বিষয়টি সত্য। মহাসড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
(ঢাকাটাইমস/২৫ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































