চাঁদপুরে অস্ত্রসহ বিএনপি নেতা সৈয়দ গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে অস্ত্রসহ সৈয়দ আহমেদ বেপারী (৪৫) নামে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মো. লুৎফর রহমান।
এর আগে সোমবার (২৬ জানুয়ারি) দিনগত রাত সোয়া ২টার দিকে তাকে পাশের হাইমচর উপজেলার হাওলাদার বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে তার দেয়া তথ্যমতে তার নিজ বাড়ি থেকে উদ্ধার করে দেশীয় অস্ত্র।
গ্রেপ্তারকৃত সৈয়দ আহমেদ ফরিদগঞ্জ উপজেলার ১২নম্বর চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লড়াইরচর গ্রামের বেপারী বাড়ির (মাঝি বাড়ি) মৃত নুর মোহাম্মদ বেপারীর ছেলে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিলো-তিনটি চাইনিজ কুড়াল, দুটি রাম দা, একটি লোহার চাকু, দেশীয় দা একটি, স্টিল পাইপ চারটি, হাতুড়ি একটি, চেইন একটি, বেইচ গিয়ার একটি, স্টিলের চাকু তিনটি ও স্মার্ট ফোন দুটি।
চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, সৈয়দ আহমেদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলো। আমাদের আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. হান্নান বহিষ্কার এবং স্বতন্ত্র এমপি প্রার্থী হওয়ায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল কমিটি কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন বলেন, গতরাতে যৌথ বাহিনী সৈয়দকে গ্রেপ্তারের পর প্রথমে হাইমচর থানায় সোপর্দ করে। তবে তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলায় হওয়ার কারণে আজ দুপুরে তাকে ফরিদগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মো. লুৎফর রহমান বলেন, সৈয়দ আহমেদ হাইমচরে গ্রেপ্তার হলেও অস্ত্র উদ্ধার হয় তার বাড়ি থেকে। তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। (ঢাকা টাইমস/২৭জানুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































