টেকনাফের পাহাড়ে আতঙ্ক, কাজের সময় ছয় কৃষক অপহরণ

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে স্থানীয় ছয়জন কৃষককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। পাহাড়ের পাদদেশে দিনমজুর হিসেবে কাজ করার সময় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের তুলে নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার কোনাপাড়া পাহাড়ি এলাকা থেকে এ অপহরণের ঘটনা ঘটে।
অপহৃত কৃষকরা হলেন— মোহাম্মদ জমির (৩২), শফি আলম (১৩), মোহাম্মদ আলম প্রকাশ মাহাত আলম (১৮), জাহিদ হোসেন প্রকাশ মুন্না (৩০), মোজাহের (৬০) ও মোস্তাক (১২)। তারা সবাই হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, অপহৃতরা পাহাড়ের পাদদেশে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। এ সময় একদল পাহাড়ি অস্ত্রধারী সেখানে এসে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ বিষয়ে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র রাতে জানান, হোয়াইক্যংয়ের মিনাবাজার কোনাপাড়া পাহাড়ি এলাকা থেকে ছয়জন কৃষক অপহরণের খবর পাওয়া গেছে। অপহৃতদের উদ্ধারে পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান।
(ঢাকাটাইমস/২৮ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































