১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের নির্বাচন: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচন ১৪ শত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে, ৩৪ হাজার পঙ্গুত্ববরণকারীর ত্যাগের নির্বাচন। আয়না ঘরের অন্ধকার জগতের অবসানের পর এই নির্বাচন নতুন বাংলাদেশের পথরেখা তৈরি করবে।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় জামালপুরের সিংহজানি হাইস্কুল মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। গুম, খুন, নির্যাতন ও ভয়ভীতির মধ্য দিয়ে একটি অন্ধকার সময় পার করেছে দেশ। তিনি বলেন, সেই দুঃসময় পেছনে ফেলে জনগণের সামনে এবার সত্যিকারের পরিবর্তনের সুযোগ এসেছে। এই নির্বাচন শুধু সরকার পরিবর্তনের নয়, বরং ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার নির্বাচন।
তিনি আরও বলেন, যারা দেশের জন্য জীবন দিয়েছেন এবং যারা আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন—তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। জনগণের রায়ের মাধ্যমেই সেই ত্যাগের মর্যাদা রক্ষা করতে হবে। এজন্য তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
জামালপুর জেলা আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
(ঢাকা টাইমস/০১ফেব্রুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































