১১ দলীয় জোট ক্ষমতায় গেলে, সবখানেই ইনসাফ কায়েম করা হবে: ডা. শফিকুর রহমান

১১ দলীয় ঐক্যের প্রধান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ২০১৮ বা ২০২৪ এর নির্বাচন নয়। এ নির্বাচন ফ্যাসিবাদকে লাল কার্ড দেখানোর নির্বাচন। জুলাই যোদ্ধাদের প্রত্যাশা পুরণের নির্বাচন। ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে, সবখানেই ইনসাফ কায়েম করা হবে। ন্যায় প্রতিষ্ঠাই হবে আমাদের মূল কাজ। সবকিছু ক্ষমা করা হলেও-জুলাই হত্যার বিচার নিশ্চিত করা হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার পৌর শহরের বাহারছড়াস্থ মুক্তিযোদ্ধা (গোলচত্বর) মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, ১৩ ফেব্রুয়ারি হতে নতুন বাংলাদেশ পাবে দেশবাসী। আমরা সরকার গঠনের সুযোগ পেলে নারীদের মাস্টার্স পর্যন্ত ফ্রি পড়ালেখার সু-ব্যবস্থা করব। ইনসাফের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠাই হবে আমাদের মূল কাজ।
তিনি বলেন, নারী নিপীড়নের বিরুদ্ধে কথা বলায় গোপনে আমার পেছনে লাগা হয়েছে। পেছনের লোকেরা পেছনে পড়ে থাকবে, আমরা ক্ষমতায় গেলে নারীদের মাথার উপর করে রাখা হবে।
হেভিওয়েট ১২ তারিখ মাপা হয়ে যাবে উল্লেখ করে ডা. শফিক বলেন, কক্সবাজারের অনেক আসনে নাকি হেভিওয়েট প্রার্থী আছে। তারা আমাদের প্রার্থীকে ভয় দেখাচ্ছে। আমাদের দাঁড়িপাল্লায় রায় দিয়ে তাদের ওজন মাপবে জনগণ।জামায়াত আমির বলেন, জুলাই যোদ্ধাদের দাবি ছিল কাজ-বেকার ভাতা নয়। শিক্ষিত যুবকদের হাতে কাজ তুলে দিয়ে বলবো-এবার এগিয়ে যাও। কাজের মধ্য দিয়ে প্রমাণ করো তুমিই বাংলাদেশ। কক্সবাজার কেন সিঙ্গাপুর ও সাংহাই হতে পারলো না.? এমন প্রশ্ন রেখে জামায়াত আমির বলেন, কক্সবাজারের চারটি আসন ১১ দলকে তুলে দিলে নূরের মেলায় একটি সুশৃঙ্খল পর্যটন জেলা উপহার দেয়া হবে।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কক্সবাজার পৌর শহরের বাহারছড়াস্থ মুক্তিযোদ্ধা (গোলচত্বর) মাঠে সমাবেশ করেছে ১১দলীয় ঐক্য। সকালে মহেশখালীর জনসভা শেষে সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১টা ৫মিনিটে কক্সবাজারের জনসভায় উঠেন প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
(ঢাকা টাইমস/০২ফেব্রুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































