কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, নৌপরিবহন উপদেষ্টার গাড়ি আটকালেন শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৩
অ- অ+

শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বন্দর পরিদর্শনে পৌঁছালে বন্দরের ৪ নম্বর গেটে তার গাড়িবহর আটকে বিক্ষোভ করেন আন্দোলনরত শ্রমিকরা।

বন্দর সূত্র জানায়, উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে শ্রমিকদের বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। তারা গেট এলাকায় অবস্থান নিয়ে স্লোগান দেন এবং গাড়িবহর আটকে দিয়ে তাদের দাবি আদায়ের চেষ্টা করেন।

এদিকে চলমান সংকট নিরসনে জরুরি বৈঠকে বসছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আজ সকালে বন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে অনুষ্ঠেয় এই বৈঠকে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন উপস্থিত থাকবেন। বৈঠকে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের অংশ নিতে বলা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি জারি করে বন্দর কর্তৃপক্ষ। চিঠিতে উল্লেখ করা হয়, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনাকারী সিডিডিএলের পরিচালক যেন বৈঠকে একজন বা দুজন শ্রমিক প্রতিনিধিকে পাঠান।

উল্লেখ্য, বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার থেকে শ্রমিকরা আন্দোলনে নামেন। প্রথমে টানা তিন দিন প্রতিদিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালনের পর তারা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন।

এর ফলে বন্দর জেটিতে কনটেইনার ও পণ্য হ্যান্ডলিং, ইয়ার্ড থেকে পণ্য সরবরাহ ও হস্তান্তর এবং জাহাজ চলাচল কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলন আরও কঠোর হয়েছে। শ্রমিকরা বন্দরের বিভিন্ন প্রবেশদ্বারে অবস্থান নিয়ে ট্রাফিক, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বন্দরে প্রবেশে বাধা দিচ্ছেন।

আজকের বৈঠকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আঞ্চলিক কমান্ডার, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, কোস্টগার্ডের জোনাল কমান্ডার এবং নেভি ইন্টেলিজেন্সের কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

বন্দরকেন্দ্রিক এই অচলাবস্থার দ্রুত সমাধান হবে কি না—সেদিকে নজর রাখছে সংশ্লিষ্ট মহল।

(ঢাকাটাইমস/৫ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির আলোচনা সভায় তারেক রহমান
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
ফরিদপুর নির্বাচন অফিসে দালাল সন্দেহে এক ব্যক্তি আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা