বিএনপি ঐক্যবদ্ধ বাংলাদেশ চায়, ধর্মের ভিত্তিতে বিভাজন নয়: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ঐক্যবদ্ধ বাংলাদেশ চায়, ধর্মের ভিত্তিতে বিভাজন চায়না। অথচ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত ইসলামীর বন্ধুরা ইসলামের ঠিকাদারী নিয়েছে। বিশেষ করে মা-বোনদের বিভ্রান্ত করতে জামায়াত সারাদেশে জান্নাত বিক্রি করছে। ইসলামের অমিয় বাণী আল্লাহ তা'য়ালা শেষ বিচারের দিন পাপ-পূণ্য নিরুপন করে জান্নাত-জাহান্নাম নির্ধারণ করবেন। তিনি বলেন, ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে প্রথম বিসমিল্লাহির রাহমানির রাহিম লিপিবদ্ধ করেছিলেন। বিএনপি চায়-সকল,ধর্ম-বর্ণ গোত্রের ধর্মীয় অধিকার নিশ্চিত করে ঐক্যবদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণ করতে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার মুক্তিযোদ্ধা গোল চত্বর মাঠে কক্সবাজার-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী লুৎফর রহমান কাজল তথা ধানের শীষের সমর্থনে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রাম ও আত্মত্যাগকে বিশ্বাস করে না তারাই নতুন করে মহান ৭১ সালের ইতিহাস বিকৃত করছে। স্বাধীনতার মহান ঘোষক শহীদ জিয়ার পরিবর্তে কর্ণেল অলিকে সামনে এনে জামায়াত জাতির সাথে জঘন্য মিথ্যাচার করছে।
তিনি বলেন, বিএনপির পরিকল্পনা আছে, অন্য দলের তা নেই। দেশের প্রত্যেক নাগরিক যাতে নাগরিক সুবিধা ভোগ করতে পারে সেজন্য প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার সাধনের মাধ্যমে শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণ করে ২৪ এর জুলাই-আগস্ট আন্দোলনে যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে বদ্ধ পরিকর বিএনপি।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কক্সবাজারে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হবে। এটি করা গেলে কক্সবাজার হবে দক্ষিণ এশিয়ার গেটওয়ে। তাছাড়া কক্সবাজারে বিশেষায়িত একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে দ্রুত ছয় লেনে উন্নীত করা হবে। বঙ্গোপসাগরে অপার সমুদ্র সম্পদ অনুসন্ধানের মাধ্যমে আহরণ করা গেলে জাতীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখবে খনিজ সম্পদ। পাশাপাশি পর্যটনের সম্ভাবনার দোয়ার খুলে দিতে কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে।
ইন্ডাস্ট্রি স্থাপনের পাশাপাশি লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে।তিনি আরও বলেন, কক্সবাজারে খাস ও বনভূমির জায়গায় বসবাসকারী কাউকে উচ্ছেদ করা হবে না। তিনি লুৎফুর রহমান কাজলকে কক্সবাজার-৩ আসনের পরীক্ষিত সন্তান উল্লেখ করে উপস্থিত জনতার কাছে ধানের শীষে ভোট চান।
জনসভায় কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী লুৎফর রহমান কাজল বলেন, বিএনপি এদেশের গরীব ও সাধারণ মানুষের দল। কক্সবাজারের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়ার হাতে গড়া দল বিএনপি তথা ধানের শীষকে ভালবাসে। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে কালো আইনের মাধ্যমে কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়ন বন্ধ করে দেয়া হয়েছিল। দেশি-বিদেশি বিনিয়োগ সহজ করতে নতুন আইন প্রনয়নের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
(ঢাকা টাইমস/০৬ফেব্রুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































