সেনবাগে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ধানের শীষের প্রচারণায় হামলার অভিযোগ

নোয়াখালীর সেনবাগে ধানের শীষের প্রার্থী বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী, দল থেকে বহিষ্কৃত নেতা কাজী মফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
রবিবার রাত সাড়ে সাতটা সেনবাগ পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, জয়নুল আবদিন ফারুকের নির্বাচনী প্রচারণার গাড়িবহর সেনবাগ পৌরসভার ভেতর দিয়ে অতিক্রম করার সময় কাজী মফিজুর রহমানের নির্বাচনী অফিসের সামনে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া লোকজন অতর্কিত হামলা চালায়।
ঘটনার পর গণমাধ্যমকর্মীদের কাছে জয়নুল আবদিন ফারুক বলেন, “স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের লোকজন পরিকল্পিতভাবে আমার গাড়িবহরে হামলা চালিয়েছে। আল্লাহর রহমতে আমার কোনো ক্ষতি হয়নি, তবে আমার বহরের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।”
তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, নির্বাচনকে ঘিরে এ ধরনের সহিংসতা গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
(ঢাকাটাইমস/৯ ফেব্রুয়ারি/জেবি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































