তাড়াইলে জামায়াতের হামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৭| আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৭
অ- অ+

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিএনপির একটি মিছিলে জামায়াত নেতা-কর্মীদের হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাড়াইল উপজেলার দিগদাইর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যার পর কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের পক্ষে একটি মিছিল বের হয়েছিল। একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শ্যালক অবসরপ্রাপ্ত কর্নেল ডা. জেহাদ খানের নির্বাচনী অফিসের সামনে দিয়ে মিছিলটি যাওয়ার সময় অতর্কিত হামলা করে তার নেতা-কর্মীরা। এতে গুরুতর আহত হন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার আলমসহ আরও বেশ কয়েকজন। আহত সরোয়ারসহ অন্যদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, জামায়াতের অফিসের সামনে দিয়ে বিএনপির মিছিল যাওয়ার সময় একটি পোস্টার ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে প্রথমে ধস্তাধস্তি হয় এবং পরবর্তীতে বড় আকার ধারণ করে।

বর্তমানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছে বলেও জানান তাড়াইল থানার ওসি জালাল উদ্দিন।

এ বিষয়ে জানতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. জেহাদ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রবিবার
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যে পদ পেলেন রবিউল ইসলাম নয়ন
কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা