জাতির উদ্দেশে দেয়া ভাষণে পে-স্কেল নিয়ে সুসংবাদ দিলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি দেশের সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে ফেলেছিল এবং প্রশাসনকে চরমভাবে দলীয়করণ করেছিল।
তিনি বলেন, বিএনপির শাসনামলে প্রশাসন পরিচালিত হবে সংবিধান অনুযায়ী। প্রশাসনে দলীয়করণ নয়, বরং নিয়োগ ও পদোন্নতি হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে।
বিএনপি চেয়ারম্যান বলেন, “জনপ্রশাসন সঠিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত না হলে কোনো উদ্যোগেরই সুফল পাওয়া সম্ভব নয়। জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হবে।”
ভাষণে তারেক রহমান আরও বলেন, প্রতিটি সেক্টর ও শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে দেশের প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দেন তিনি। প্রথম পর্যায়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও নিম্ন আয়ের পরিবারগুলোকে মাসে আড়াই হাজার টাকা বা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হবে।
তিনি জানান, বিএনপি সরকার গঠন করতে পারলে শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য ছয় মাস থেকে এক বছর অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বিশেষ আর্থিক ভাতা প্রদান করা হবে।
বেকার সমস্যা প্রসঙ্গে তারেক রহমান বলেন, ব্যাংক, বীমা ও পুঁজিবাজারসহ অর্থনৈতিক খাতের সংস্কার, অঞ্চলভিত্তিক অর্থনীতি শক্তিশালীকরণ এবং শিল্প ও বাণিজ্যে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশে ও বিদেশে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নাগরিকদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ ‘হেলথ কেয়ার’ কর্মী নিয়োগ দেওয়ার কথাও জানান তিনি, যার ৮০ শতাংশ হবেন নারী।
তারেক রহমান অভিযোগ করেন, ফ্যাসিবাদী সরকারের সময় প্রতিবছর প্রায় ১৬ বিলিয়ন ডলার অর্থপাচার হয়েছে। এই অর্থপাচার রোধ করা গেলে কৃষক কার্ডসহ বিভিন্ন খাতে প্রয়োজনীয় অর্থায়ন সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































