হবিগঞ্জে ২৩৫ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার জেলার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেছেন র্যা ব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. সাজ্জাদ হোসেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, হবিগঞ্জের চারটি সংসদীয় আসনে মোট ৬৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১০৩টি কেন্দ্রকে রাখা হয়েছে ‘অতিঝুঁকিপূর্ণ’ তালিকায়। এসব কেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিভিন্ন বাহিনী।
নির্বাচনী নিরাপত্তায় জেলাজুড়ে ২ হাজার ৬৭ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৫৫টি মোবাইল টিম, ৯টি স্ট্রাইকিং ফোর্স এবং ২টি কুইক রেসপন্স টিম মাঠে থাকবে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য নিয়োজিত থাকবেন।
সীমান্তবর্তী ও দুর্গম এলাকাগুলোতে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজিবি। জেলায় মোট ১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী ও র্যা ব সদস্যরাও নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রেখেছেন।
হবিগঞ্জ জে কে এন্ড এইচ কে হাইস্কুল মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র্যা ব কমান্ডার লেফটেন্যান্ট মো. সাজ্জাদ হোসেন বলেন, নির্বাচনকে নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে।
ব্রিফিং শেষে তিনি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং নিরাপত্তার খুঁটিনাটি পর্যবেক্ষণ করেন। ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে র্যা ব বদ্ধপরিকর বলে তিনি জানান।
(ঢাকা টাইমস/১১ফেব্রুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













