বগুড়ায় নির্বাচনী বুথ ভাঙচুর, জামায়াত নেতাকে উঠিয়ে নেয়ার অভিযোগ

বগুড়া-৬ (সদর) আসনে মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জামায়াতে ইসলামীর বুথ ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। সেইসঙ্গে শেখেরকোলা ইউনিয়ন জামায়াতের ৭ নাম্বার ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমানকে উঠিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে৷ এ সময় জামায়াতে ইসলামীর অন্তত তিন নেতাকর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়।
জামায়াতে ইসলামীর অভিযোগ, ঘটনার পর থেকেই শেখেরকোলা ইউনিয়ন জামায়াতের ৭ নাম্বার ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমান নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর ভোটকেন্দ্রের বুথের ভাঙা চেয়ার ও পুড়িয়ে দেয়া ভোটার তালিকা উদ্ধার করে সেনাবাহিনী।
বগুড়া শহর জামায়াতের গণমাধ্যম বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন বলেন, বিভিন্ন স্থানের মতো করে বগুড়াতেও আমাদের নেতাকর্মীদের ওপরে হামলা ও আক্রমণ হচ্ছে। শেখেরকোলায় বিএনপি আমাদের নির্বাচনী বুথে হামলার পর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাহাফুজকে তুলে নিয়ে গেছে। এখনও তার সন্ধান পাওয়া যাচ্ছে না।
বগুড়া সদর থানা পুলিশের ওসি মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কাজ করছে। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ আমলে নেয়া হয়েছে।(ঢাকা টাইমস/১২ফেব্রুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































