ঢাকা-৮ আসনে ভোট কারচুপির অভিযোগ, শপথ স্থগিত চেয়ে ইসিতে নাসীরুদ্দিন পাটোয়ারীর আবেদন

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ সংসদীয় আসনে ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগ এনে নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ স্থগিত রাখার আবেদন জানিয়েছেন ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী।
গতকাল শনিবার নির্বাচন কমিশনে এ আবেদন করা হয়েছে।
আবেদনে নাসিরুদ্দীন পাটওয়ারী ১২টি ভোটকেন্দ্রে সংঘটিত বিভিন্ন অনিয়মের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। তার দাবি, এসব অনিয়মের মাধ্যমে প্রকৃত ফলাফলকে প্রভাবিত করা হয়েছে।
আবেদনে তিনি উল্লেখ করেন, ঢাকা-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং তার নেতা-কর্মী, এজেন্ট ও পরিবারের সদস্যরা ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা, বাতিল ভোট গণনায় অন্তর্ভুক্ত করাসহ নানা অনিয়মে জড়িত ছিলেন।
তিনি আরও অভিযোগ করেন, একপর্যায়ে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিসাইডিং অফিসার ও আসনের রিটার্নিং কর্মকর্তাও অনিয়মে জড়িয়ে পড়েন। এসব কারচুপি ও অনিয়মের মাধ্যমে তাকে বিজয়ী ঘোষণা না করে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































