ওমর সানীর রেস্টুরেন্টে খাবার পরিবেশন নিয়ে সংঘর্ষ, কাস্টমারকে ছুরিকাঘাত

মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ এলাকায় চিত্রনায়ক ওমর সানীর মালিকানাধীন ‘চাপওয়ালার শ্বশুর বাড়ি বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্ট’-এ খাবার পরিবেশনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক গ্রাহক ছুরিকাঘাতে আহত হয়েছেন। গত ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত মো. আতিকুর রহমান খানের চাচা মো. খলিলুল রহমান খান বাদল বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রেস্টুরেন্ট কর্মী লিখনের সঙ্গে খাবার পরিবেশন—বিশেষ করে নানরুটি দেওয়া নিয়ে—একজন গ্রাহকের কথা কাটাকাটি শুরু হয়। সেখানে উপস্থিত কয়েকজনের দাবি, কিছু নারী ক্রেতার সঙ্গে লিখন অশোভন আচরণ করেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সেদিন মো. আতিকুর রহমান খান কয়েকজন বন্ধুকে নিয়ে ওই রেস্টুরেন্টে খাবার খেতে যান। কর্মীর আচরণের প্রতিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উভয় পক্ষ রেস্টুরেন্টের বাইরে মূল সড়কের দিকে চলে যান। সেখানেই ধস্তাধস্তির এক পর্যায়ে আতিকুর রহমান ছুরিকাঘাতে আহত হন।
আহত আতিকুর রহমান বর্তমানে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, ঘটনার পর মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনার বিষয়ে ওমর সানী বলেন, মূলত নানরুটি পরিবেশন নিয়ে অসন্তোষ থেকেই কর্মী লিখনের সঙ্গে এক গ্রাহকের তর্কের সূত্রপাত। পরে বিষয়টি উত্তপ্ত হয়ে রেস্টুরেন্টের বাইরে মারামারিতে রূপ নেয় এবং সেখানেই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, নানরুটি প্রস্তুতকারক কারিগরের অভাবে স্থানীয় এক ব্যক্তির পরামর্শে লিখনকে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে কর্মচারীর এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, “গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার গুরুতর অন্যায়। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































