তারেক রহমানের নেতৃত্বে নতুন প্রত্যাশা দেখছে মানুষ: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৭
অ- অ+

দেশের সাধারণ মানুষের নাভিশ্বাস দূর করতে আগামী অন্তত দুই বছর গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম না বাড়ানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। একই সঙ্গে বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘নতুন সরকারের কাছে প্রত্যাশা: প্রথম ১০০ দিনের অগ্রাধিকার’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ এই সভার আয়োজন করে।

সাইফুল হক বলেন, রমজান মাসে মানুষকে স্বস্তি দেওয়া সরকারের প্রথম কাজ। পানি, বিদ্যুৎ ও গ্যাসের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে হবে। আগামী দুই বছর যেন এসব সেবার মূল্য বৃদ্ধি না করা হয়—সরকারকে এখনই সে বিষয়ে পরিষ্কার ঘোষণা দিতে হবে।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের বাজারে যে আগুন জ্বলছে, তা নিয়ন্ত্রণে আনতে বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো আপস করা চলবে না।

ঘর থেকে শুদ্ধি অভিযান শুরুর পরামর্শ দিয়ে তিনি বলেন, আগে নিজে আচরণ ঠিক করে অন্যকে শেখাতে হয়। চাঁদাবাজি ও মব-জবরদস্তি বন্ধ করতে হলে সরকারকে নিজের ঘর থেকেই পরিষ্কার করা শুরু করতে হবে। গত দেড় বছরে বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে। এখন সরকার গঠনের পর যেন নিচ থেকে ওপর পর্যন্ত কারও বিরুদ্ধে এমন অভিযোগ না আসে, সেই বার্তা দিতে হবে।

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে সাইফুল হক বলেন, গত দেড় বছরে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে যেসব চুক্তি সই হয়েছে, তার শ্রেণিবদ্ধ অংশ বাদে বাকি সব প্রকাশ্যে আনতে হবে। যেগুলো জাতীয় স্বার্থ ও নিরাপত্তার পরিপন্থী, সেগুলো স্থগিত বা বাতিল করতে হবে। কোনো সরকারই জবাবদিহিতার বাইরে থাকতে পারে না।

এমপিদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সংসদ সদস্য পদটিকে অলাভজনক করতে হবে। এটি কোনো বিনিয়োগের ক্ষেত্র নয় যে, ২৫ কোটি টাকা খরচ করে এমপি হয়ে ৫০০ কোটি টাকা আয় করবেন। এই খেলা বন্ধ হলে ১২ আনা দুর্নীতি এমনিতেই কমে যাবে।

বিএনপির নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, তারেক রহমানের ওপর ইতিহাস আজ বিরাট দায়িত্ব অর্পণ করেছে। তিনি প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনবেন—এটাই মানুষের প্রত্যাশা।

সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক শেখ আবদুন নূর এবং সঞ্চালনা করেন সদস্য সচিব বাবর চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাসদের সাধারণ সম্পাদক ফজলুর রশিদ ফিরোজ, কবি সোহরাব হাসানসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: টুকু
রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি 
যশোরে ২ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা