শ্রীপুরে আ.লীগ অফিসে আগুন

গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। আগুন লাগার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৫টার দিকে হঠাৎ করেই শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের দোতলায় কালো ধোঁয়া দেখতে পায়। এ সময় ভবনের দোতলায় আগুন জ্বলতে থাকে। পার্শ্ববর্তী সিঙ্গার শোরুমের ম্যানেজার দ্রুত গিয়ে তাদের অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনলাগা কক্ষে গিয়ে দেখা গেছে ভেতরে থাকা আবর্জনা ও ককশিট পুড়ে গেছে। কেবা কারা আগুন দিয়েছে এটি কেউ স্পষ্টত বলতে পারেনি।
সিঙ্গার শোরুমের ম্যানেজার মো. মিজানুর রহমান জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে হঠাৎ করেই তাদের গোডাউনের ছাদের উপর কালো ধোঁয়া দেখতে পান। গোডাউনে আগুন লেগেছে ভেবে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখতে পান উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের দোতালায় আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে তিনি তাদের নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হন। কিভাবে আগুন লেগেছে এটি তিনি বলতে পারেননি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খাইরুল ইসলাম জানান, আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আগুন লাগার কোন খবর পাননি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখবেন।
এ বিষয়ে বক্তব্য জানতে শ্রীপুর থানার ওসিকে একাধিকবার ফোন করল তিনি ফোন রিসিভ করেননি।
শ্রীপুর থানার ওসি অপারেশন সঞ্জয় সাহা জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আওয়ামী লীগ অফিসের দোতলার কক্ষে আবর্জনা ককশিট ছিটানো ছিল। কেবা কারা ধূমপান করতে গিয়ে হয়তো সাবধানতাবসত আগুন ফেলে থাকতে পারে। এতে ওই কক্ষের ককসিট পুড়ে যায়।
(ঢাকা টাইমস/২৪ফেব্রুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































