ডিসি অফিসের নিয়োগে প্রক্সিকাণ্ড, মৌখিকে ধরা পড়ল ৯ জন

কিশোরগঞ্জ প্রতিনিধি
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৬
অ- অ+

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সির মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অভিযোগে ৯ পরীক্ষার্থীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার সময় এ অনিয়ম উদ্ঘাটিত হয়। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রাজস্ব প্রশাসন নিয়োগ নির্বাচনী কমিটির সভাপতি মোহাম্মদ নাহিদ হাসান খান।

জানা যায়, রাজস্ব প্রশাসনের অধীনে ২০তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ২০ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অফিস সহায়ক ৫৫টি, নিরাপত্তা প্রহরী ৩টি এবং পরিচ্ছন্নতা কর্মী ১টিসহ মোট ৫৯টি পদে নিয়োগের জন্য পরীক্ষা নেয়া হয়। লিখিত পরীক্ষার ফলাফল ২২ ফেব্রুয়ারি প্রকাশ করা হয় এবং উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত কাগজপত্রসহ মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার নির্দেশ দেয়া হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) মৌখিক পরীক্ষা চলাকালে উপস্থিত বোর্ড সদস্যদের সন্দেহ হয় কয়েকজন প্রার্থীর বিষয়ে। তাদের লিখিত পরীক্ষার খাতায় থাকা হাতের লেখার সঙ্গে মৌখিক পরীক্ষার সময় তাৎক্ষণিকভাবে লিখে দেয়া লেখার মিল পাওয়া যায়নি। বিষয়টি আরও যাচাই করতে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের বক্তব্যে অসংলগ্নতা ধরা পড়ে। একপর্যায়ে সংশ্লিষ্টরা স্বীকার করেন যে, লিখিত পরীক্ষায় তারা নিজেরা অংশ নেননি; অন্য ব্যক্তিকে দিয়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন।

ঘটনা তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনকে অবহিত করা হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে অভিযুক্ত ৯ জনকে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. নিজাম উদ্দিন (হোসেনপুর), পিয়াস (পাকুন্দিয়া), সাব্বির (হোসেনপুর), মেহেদী (পাকুন্দিয়া), শফিকুল (মিঠামইন), নজরুল (ইটনা), জসিম (তাড়াইল), রাহিমা আক্তার (কিশোরগঞ্জ সদর) ও ফয়সাল (তাড়াইল)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সূফি সাজ্জাদ আল ফোজায়েল, রাহুল ঘোষ পলাশ, আমিন অর রশিদ, মশিউর রহমান ও রিয়াদ হোসেন। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও প্রশ্নাতীত রাখতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। কোনো ধরনের জালিয়াতি, প্রক্সি বা অসদুপায় অবলম্বনের চেষ্টা বরদাস্ত করা হবে না।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রাজস্ব প্রশাসন নিয়োগ নির্বাচনী কমিটির সভাপতি মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে যাচাই-বাছাই আরও জোরদার করা হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অনিয়ম প্রতিরোধে নজরদারি অব্যাহত থাকবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানানো হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা