একটি মশার কামড়, একটি রাষ্ট্রের দায়

বিদিশা এরশাদ
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৯
অ- অ+

সম্প্রতি তারেক রহমান সিটি কর্পোরেশনের মেয়রদের মশা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। খাল খনন, নদী পুনরুদ্ধারের কথাও বলেছেন। ভালো কথা। প্রয়োজনীয় কথাও।

কিন্তু প্রশ্ন হলো, মশা কি নির্দেশে কমে? ডেঙ্গু কি ফগিং মেশিনে থামে?

নাকি আমরা একটি গভীরতর সংকটের ওপর কেবল ওষুধের গন্ধ ছিটাচ্ছি?

ডেঙ্গু এখন ঋতু নয়, বাস্তবতা

World Health Organization (WHO) বলছে, গত দুই দশকে বিশ্বে ডেঙ্গু সংক্রমণ বহুগুণ বেড়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে রোগবাহী মশার বিস্তার নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে।

Intergovernmental Panel on Climate Change (IPCC) স্পষ্ট করেছে, উচ্চ তাপমাত্রা, আর্দ্রতা ও অনিয়মিত বৃষ্টিপাত মশার জীবনচক্র দ্রুততর করে।

বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। ঢাকা অপরিকল্পিত নগরায়ণের প্রতীক। ফলাফল ডেঙ্গু আর মৌসুমি নয়, কাঠামোগত।

খাল, নদী ও রাজনৈতিক সাহস

খাল খননের কথা বলা সহজ। কিন্তু খাল দখলমুক্ত করা? প্রভাবশালীদের উচ্ছেদ করা? বর্জ্য ব্যবস্থাপনা সংস্কার করা?

এগুলো রাজনৈতিক সিদ্ধান্ত। নদী পুনরুদ্ধার যদি বাস্তব হয়, তবে সেটি হবে জলবায়ু অভিযোজনের মেরুদণ্ড। আর যদি কাগুজে থাকে, তবে সেটি হবে আরেকটি ঘোষণার তালিকা।

এবার ব্যক্তিগত কথা

আমি রাজনীতি বুঝি। পরিসংখ্যান পড়ি। আন্তর্জাতিক প্রতিবেদন জানি। কিন্তু রাতে ঘুম ভাঙে অন্য কারণে।

আমার বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে,এরিক এরশাদ। আমি প্রতিদিন ভাবতাম- একটি মশার কামড় থেকে তাকে কীভাবে বাঁচাবো?

কয়েল জ্বালিয়েছি।

স্প্রে করেছি।

ধূপ দিয়েছি।

ইলেকট্রিক মেশিন চালিয়েছি।

ত্বকে ক্রিম লাগিয়েছি।

গুড নাইট ব্যবহার করেছি।

সব করেছি। কারণ আমি জানিও যদি ডেঙ্গুতে আক্রান্ত হয়, ওকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে যাবে।

শেষ পর্যন্ত, আর ভরসা না পেয়ে, ওর বড় বোনের (জলবায়ু গবেষক) পরামর্শে আমি তাকে ব্যাংককে নিয়ে গিয়ে দুই ডোজ ডেঙ্গুর ভ্যাকসিন দিয়েছি।

একজন মা হিসেবে আমি সন্তানের জন্য যা করার করেছি।

কিন্তু একজন নাগরিক হিসেবে আমার প্রশ্ন- আমি কেন নিজের দেশে এই সুরক্ষা পাই না?

ডেঙ্গু ভ্যাকসিন: আমরা কোথায়?

বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যে ডেঙ্গুর টিকা অনুমোদিত ও প্রয়োগ শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বাংলাদেশে কি জাতীয় পর্যায়ে ডেঙ্গু ভ্যাকসিন নীতি নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা আছে? ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য কি কর্মসূচি আছে? বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকদের জন্য কি অগ্রাধিকার তালিকা আছে?

যদি না থাকে তাহলে এটি কেবল স্বাস্থ্যনীতির ঘাটতি নয়, এটি সামাজিক বৈষম্যের জন্ম দিচ্ছে।

কারণ যাদের সামর্থ্য আছে তারা বিদেশে গিয়ে টিকা নেবে। বাকিরা অপেক্ষা করবে ভাগ্যের ওপর।

রাষ্ট্র কি চায় ডেঙ্গু প্রতিরোধ একটি শ্রেণিভিত্তিক নিরাপত্তা হয়ে যাক?

জলবায়ু মন্ত্রী ও নীতির প্রশ্ন

United Nations Framework Convention on Climate Change (UNFCCC)-এ বাংলাদেশ জলবায়ু ন্যায়ের কথা বলে। বৈশ্বিক তহবিলের দাবি তোলে। কিন্তু দেশের ভেতরে

জলবায়ু নীতি, নগর পরিকল্পনা ও স্বাস্থ্য খাত কি সমন্বিত?

নতুন জলবায়ু মন্ত্রী কি জানেন, ডেঙ্গু এখন কেবল একটি ভাইরাস নয়, এটি জলবায়ু অভিযোজন ব্যর্থতার প্রতীক?

গাছ লাগানোই কি যথেষ্ট?

বৃক্ষরোপণ প্রয়োজন। কিন্তু ড্রেনেজ সংস্কার ছাড়া? নির্মাণ সাইট মনিটরিং ছাড়া? খাল দখলমুক্ত না করে? ডেটাভিত্তিক মশা পর্যবেক্ষণ ছাড়া?

ডেঙ্গু কমবে না।

একটি রাষ্ট্রের কাছে শেষ প্রশ্ন

আমি একজন মা হিসেবে সন্তানের জন্য দেশ ছাড়তে বাধ্য হয়েছি। কিন্তু প্রতিটি মা কি পারবে?

মশা নিয়ন্ত্রণের নির্দেশ যথেষ্ট নয়। ফগিং যথেষ্ট নয়। প্রেস ব্রিফিং যথেষ্ট নয়। প্রয়োজন

কাঠামোগত নগর সংস্কার। বাস্তব নদী পুনরুদ্ধার। সমন্বিত জলবায়ু-স্বাস্থ্য নীতি এবং ঝুঁকিপূর্ণ নাগরিকদের জন্য জাতীয় ভ্যাকসিন কর্মসূচি।

নইলে প্রতি বছর আমরা একই দৃশ্য দেখবো

সংক্রমণ বাড়বে। মৃত্যু বাড়বে। ঘোষণা বাড়বে। আর মায়েদের দুশ্চিন্তাও বাড়বে।

আমি চাই না আর কোনো মা সন্তানের সুরক্ষার জন্য বিদেশে যেতে বাধ্য হোক।

রাষ্ট্র কি সেই দায়িত্ব নেবে?

লেখক: এরিক এরশাদের মা।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হরমুজ প্রণালি খোলা ও মার্কিন অবরোধ প্রত্যাহার: যা যা থাকছে যুক্তরাষ্ট্র–ইরান চুক্তিতে
৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়াকে ৫ গোলে বিধ্বস্ত করল সুইডেন
যুক্তরাষ্ট্রে স্কাইডাইভারদের নিয়ে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১২
বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা