বাঞ্ছারামপুরে প্রতিমন্ত্রীকে প্রটোকল দেয়ার সময় কোন দুর্ঘটনা ঘটেনি: অর্থ মন্ত্রণালয়

ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে বাঞ্ছারামপুরে যাওয়ার পথে একটি পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গিয়ে আটজন পুলিশ সদস্য হতাহত হন। শুক্রবার সকালের এ দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় নিজেদের অবস্থান স্পষ্ট করে জানাচ্ছে যে, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি-কে প্রটোকল প্রদানকালে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি।
এদিন রাতে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাট অতিক্রম করে বেলা ১২টা ৩০ মিনিটে বাঞ্ছারামপুরে প্রবেশ করেন। তার সফরসূচি ও প্রটোকল কার্যক্রম সম্পূর্ণভাবে নির্বিঘ্ন ছিল।
পরে জুম্মার নামাজ আদায়ের পর প্রতিমন্ত্রী বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের পরিদর্শন করেন। তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































