‘ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন’, মির্জা আব্বাসকে নাসীরুদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত কথোপকথন করেছেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দিন পাটোয়ারী।
ইফতার মাহফিলে তিনি ক্ষমতাসীন ও বিরোধী—উভয় ধারার নেতাদের সঙ্গে মুসাফাহ করার চেষ্টা করেন। এ সময় তিনি তারেক রহমান, মঈন খান, সালাউদ্দিন আহমেদ ও মির্জা আব্বাস-এর সঙ্গে পৃথকভাবে কথা বলেন। শনিবার রাতে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দিন পাটোয়ারী এসব তথ্য জানান।
পাঠকদের জন্য তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো–
আজকের জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ইফতার পরিবেশনকারী কর্মী এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে মুসাফাহ করার চেষ্টা করেছি।
কিছু গুরুত্বপূর্ণ কথোপকথন-
জামায়াতে ইসলামীর আমীরকে বললাম, “আমার জন্য দোয়া করবেন।” তিনি বললেন, “ তোমার জন্য দোয়া ও দাওয়াহ দুইটাই রইলো।”
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বললাম, “বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়। এটা নির্বাচনে জেতার ভালো কৌশল ছিলো।” তিনি বললেন, “এটা শুরু করেছি, খুব শিগগিরই সারা বাংলাদেশে চালু হবে।”
মঈন খানকে জিজ্ঞেস করলাম, “কেমন আছেন?” তিনি বললেন, “ভালো আছি, বাসায় আসবেন।”
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাইকে বললাম, “শহীদ ওসমান হাদী ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করবেন।” তিনি বললেন, “সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে।”
এ সময় আব্বাস ভাইকেও বললাম, “ছোট ভাইয়ের সাথে এগুলো না করলেও পারতেন,” এবং তাকে আমার বাসায় ইফতারের দাওয়াত দিলাম।
ইফতার শেষে একই টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতৃবৃন্দের কাছ থেকে বিদায় নেওয়ার সময় আবারও আব্বাস ভাই বললেন, “দুষ্টুমি করবা না।” জবাবে বললাম, “ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটোয়ারী ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































