চট্টগ্রামে চাঁদাবাজদের হামলা, পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় গুলি

চট্টগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৬, ০৯:৫৮
অ- অ+

চট্টগ্রাম নগরের চন্দনপুরা এলাকায় পুলিশি পাহারায় থাকা এক শীর্ষ ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান দাবি করেন, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারীরাই কোটি টাকা চাঁদা না পেয়ে এ হামলা চালিয়েছে। এর আগে গত ২ জানুয়ারিও একই বাসায় গুলি চালানোর ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকে বাসাটিতে পুলিশি পাহারা জোরদার করা হয়েছিল।

সকালেই মুহুর্মুহু গুলি

মোস্তাফিজুর রহমান জানান, ফজরের নামাজের পর পরিবারের সদস্যরা বিশ্রামের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ বাসার পেছন দিক থেকে মুখোশধারী অস্ত্রধারীরা গুলি শুরু করে। তিনি বলেন, “সন্ত্রাসীরা ৬ থেকে ৭ রাউন্ড গুলি ছোড়ে। সিকিউরিটি গার্ড বিষয়টি বুঝে সঙ্গে সঙ্গে দায়িত্বরত পুলিশ সদস্যদের জানায়। পুলিশ সদস্যরা প্রতিরোধের প্রস্তুতি নিলেও এর আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।”

তার দাবি, হামলাকারীদের হাতে পিস্তল, চায়নিজ রাইফেলসহ অত্যাধুনিক অস্ত্র ছিল। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সন্ত্রাসী সাজ্জাদ তার কাছে প্রথমে ১০ কোটি এবং পরে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে আসছিল। সর্বশেষ ২০ দিন আগে হোয়াটসঅ্যাপে ‘ওয়েট অ্যান্ড সি’ বার্তা পাঠানো হয়েছিল।

সিসিটিভিতে চার অস্ত্রধারী

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, মুখোশধারী চারজন অস্ত্র হাতে নিয়ে বাসার সামনে এসে গুলি চালায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, একজনের হাতে দুটি পিস্তল ছিল। অন্যদের মধ্যে একজন সাবমেশিনগান (এসএমজি), একজন চায়নিজ রাইফেল এবং আরেকজন শটগান ব্যবহার করে।

পুলিশের বক্তব্য

ঘটনার খবর পেয়ে নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হোসাইন কবির ভূঁইয়ার নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি জানান, সন্ত্রাসীরা একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলে করে এসে কিছু দূরে গাড়ি রেখে হেঁটে বাসার কাছে গিয়ে গুলি চালায় এবং কয়েক মিনিটের মধ্যে পালিয়ে যায়।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ তার সহযোগীদের দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। তার সহযোগী রায়হান ও বোরহানের সংশ্লিষ্টতা থাকতে পারে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

আতঙ্কে এলাকাবাসী

পুলিশি পাহারার মধ্যেই আবারও গুলির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে এ ঘটনায় এখনো মামলা করা হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী। তিনি বলেন, “পুলিশ পাহারায় থাকা অবস্থাতেই যদি গুলি হয়, তাহলে মামলা করে কী হবে।”

উল্লেখ্য, স্মার্ট গ্রুপ দেশের একটি বড় শিল্পগোষ্ঠী। মোস্তাফিজুর রহমানের ছোট ভাই মুজিবুর রহমান ২০২৪ সালের জাতীয় নির্বাচনে চট্টগ্রামের বাঁশখালী আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

(ঢাকাটাইমস/১ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Dhaka’s Rising Heat: A Crisis of Urban Planning
রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ
যুদ্ধবিরতিতে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মতি, মধ্যপ্রাচ্যে স্বস্তির আভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা