ফ্লাইট বাতিল হওয়া প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হলে সরকার সহায়তা করবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ফ্লাইট বাতিল হওয়ায় কারণে যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদের সহায়তা করবে মন্ত্রণালয়।
শনিবার সকালে সিলেট নগরের মির্জাজাঙ্গাল মণিপুরি রাজবাড়ি এলাকায় একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টসের উদ্যোগে আয়োজিত হোলি উৎসবে প্রধান অতিথির বক্তব্য শেষে আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন।
মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি দীর্ঘায়িত হওয়ায় সেখানকার বাংলাদেশিদের বিষয়ে কী উদ্যোগ নেওয়া হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন আমরা যৌথভাবে কাজ করছি। যুদ্ধ পরিস্থিতিতে যারা নিহত হয়েছেন, তাদের বিষয়ে খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট দেশের সরকারকে অবহিত করে নিয়মমাফিক প্রক্রিয়া মেনে এগোনো হচ্ছে। যুদ্ধপরিস্থিতি চলমান দেশগুলোয় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে। পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রীও সার্বক্ষণিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।
সিলেটে ছিনতাই বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরেক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যারা অবনতি ঘটাচ্ছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমরা প্রশাসনকে নির্দেশ দিয়েছি, ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে। সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই কোনোভাবেই সিলেটে এসব কর্মকাণ্ড বরদাশত করা হবে না। আমরা একটি নিরাপদ সিলেট চাই।
এর আগে হোলি উৎসব উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টসের সভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন সিলেটে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন, সিলেট দেবালয় রথযাত্রা উদ্যাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার সিংহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য, ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া প্রমুখ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































