ডেমরায় ওয়ান শ্যুটার গানসহ দুজন গ্রেপ্তার, শপিং ব্যাগে মিলল ৪০ লাখ টাকার মাদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২৬, ১২:৪৫
অ- অ+

রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শ্যুটার বন্দুক, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–মো. ফাহিম হোসেন ও মো. হাসিবুল হাসান ওরফে শান্ত।

বৃহস্পতিবার বেলা ১১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী সুমন। এসময় র‍্যাব-১০ এর মিডিয়া অফিসার তাপস কর্মকার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক নির্মূলে র‍্যাব-১০ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, ডিএমপির ডেমরা থানার সারুলিয়া এলাকার সুকুশী পাথরঘাটের একটি চারতলা ভবনের চতুর্থ তলার একটি বাসায় মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে।

পরে বিকাল ৫টার দিকে র‍্যাবের একটি আভিযানিক দল ওই ভবনের সামনে অবস্থান নেয়। এ সময় একটি লাল রঙের শপিং ব্যাগ হাতে নিয়ে এক ব্যক্তি সুকৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে ৩ হাজার ৮৬৫ পিস গোলাপি ও হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট, ১১ পুরিয়া ও ২৭৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা। আটক ব্যক্তির নাম মো. ফাহিম হোসেন (২৯)। তিনি ডেমরার সারুলিয়া এলাকার সুকুশী পাথরঘাট এলাকার বাসিন্দা।

র‍্যাব আরও জানায়, মাদকবিরোধী অভিযান শেষে ফেরার পথে ডেমরার সারুলিয়া এলাকার জোকা সান্দিরা বালুরঘাট এলাকায় পৌঁছালে র‍্যাবের সরকারি পিকআপ গাড়ির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে র‍্যাব সদস্যরা তাকে আটক করে।

পরে তল্লাশি চালিয়ে তার কোমরে গোঁজা অবস্থায় একটি মাঝারি আকারের লোহার তৈরি দেশীয় একনলা বন্দুক এবং পকেট থেকে দুটি ১২ বোরের সীসার তৈরি কার্তুজ উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম মো. হাসিবুল হাসান ওরফে শান্ত (২৬)।

র‍্যাবের যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী সুমন বলেন, র‍্যাব-১০ এর নিরবচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা, দ্রুত প্রতিক্রিয়া ও পেশাদারিত্বের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ অস্ত্রের উৎস ও ব্যবহারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে র‍্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, রাজধানীতে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে র‍্যাব বদ্ধপরিকর। কোথাও অবৈধ অস্ত্র, মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য থাকলে র‍্যাবকে জানাতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার