ঈদে নৌযাত্রা নিরাপদ রাখতে সক্রিয় কোস্ট গার্ড পশ্চিম জোন

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মাঠে সক্রিয় রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া ও ফেরিঘাটগুলোতে বিশেষ টহল, তল্লাশি, জনসচেতনতা কার্যক্রমসহ বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে সংস্থাটি, যাতে ঈদে ঘরমুখো যাত্রীরা নির্বিঘ্নে নৌপথে যাতায়াত করতে পারেন।
শনিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন খুলনার রুপসা, কয়রা, নলিয়ান, বাগেরহাটের মোংলা, শরণখোলা এবং সাতক্ষীরা জেলার কৈখালীর গুরুত্বপূর্ণ লঞ্চ/খেয়া/ফেরি ঘাট সমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট/নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকান্ড সংগঠিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে কোস্ট গার্ডের প্রতিটি সদস্য। যার মাধ্যমে যাত্রীদের নৌ যাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায়।
তিনি আরও বলেন, কোস্ট গার্ডের এ কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদ-উল-ফিতর পরবর্তী যাত্রীসাধারণের নৌ যাত্রা নিরাপদ রাখতে এই কার্যক্রম চলমান থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































