প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেয়া ‘ভিভিআইপি’ প্রতারক আটক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন মো. আব্দুস সালাম। অবশেষে গোয়েন্দা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন এই ‘ভিভিআইপি’ প্রতারক।
রবিবার সকাল ৭টায় রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র।
সূত্রে জানা যায়, মো. আব্দুস সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পিএস পরিচয় ব্যবহার করে আসছিলেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে তিনি অবৈধ আর্থিক লেনদেন, বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য এবং সাধারণ মানুষের সঙ্গে নানাবিধ প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। জানা গেছে, এই প্রতারকের সুপরিকল্পিত অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য পৌঁছায় সরকারের বিভিন্ন পর্যায়ে। এই তথ্যের সত্যতা যাচাই এবং সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে গোয়েন্দা সদস্যদের একটি চৌকসদল আগারগাঁও পানির ট্যাংকি এলাকায় সালামের বাসভবন স্থানে টানা ৬ ঘণ্টার এক রুদ্ধশ্বাস প্রচেষ্টায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃত আব্দুস সালামকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হয়। এই প্রতারক চক্রের সঙ্গে আরও কয়েকজন সন্দেহজনক ব্যক্তির যোগাযোগের তথ্য পাওয়া যায়। তিনি এ পর্যন্ত কত মানুষের কসঙ্গে প্রতারণা করেছেন, সে বিষয়ে তথ্য আদায়ের জন্য জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































