রাজবাড়ীতে কৃষক হত্যা ও বসতবাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ, মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আতর শেখ হত্যা মামলার এজাহারনামীয় আসামি সিদ্দিককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
রবিবার রাতে রাজবাড়ী সদর থানাধীন মাটিপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।
সোমবার র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সামসুল হক সূর্য গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রজব আলী শেখের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় আতর শেখ, রাকিব আব্দুল কুদ্দুস, শাহীন শেখ ও দুলালসহ কয়েকজন গুরুতর আহত হন। হামলাকারীরা বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগও করে।
গুরুতর আহত আতর শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা জড়িত আসামিদের গ্রেপ্তারে সহায়তার জন্য র্যাব-১০ এর কাছে অধিযাচনপত্র পাঠান। এরই ধারাবাহিকতায় আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি সিদ্দিককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































