ঈদযাত্রায় কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী একটি বাস উল্টে গেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত সোয়া ১১টার দিকে উপজেলার কাবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী একুশে এক্সপ্রেস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারে উঠে উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় স্থানীয় একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চান্দিনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার লিডার হানজালা সিদ্দিকী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করা হয়। সেখান থেকে গুরুতর আহত দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর মহাসড়কের একপাশে যানজট সৃষ্টি হয়। পরে কিছু যানবাহন উল্টো পাশ দিয়ে চলাচল শুরু করলে উভয় দিকেই যানজট ছড়িয়ে পড়ে। পরবর্তীতে হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হঠাৎ বৃষ্টি ও অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। দুর্ঘটনার পর দ্রুত রেকার দিয়ে বাসটি সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
(ঢাকাটাইমস/১৯ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































