খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি

খুলনার একটি আবাসিক এলাকায় ঘরে ঢুকে একই পরিবারের চার সদস্যকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে লবনচরা থানাধীন খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল মাদক নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তিন বছর আগে কারাগারে যান। সেখানে ইমরান নামে একজনের সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের সুবাদে রাশিদুল তার বাড়িতে আসা-যাওয়া করতেন। এ সুযোগে ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে।
ছয় মাস আগে ইমরান পুনরায় একটি মামলায় কারাগারে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করেন। এ ঘটনা শুনে ক্ষুব্ধ হন ইমরান এবং প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন। এরই এক পর্যায়ে বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনা ঘটান ইমরান। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
লবনচরা থানার অফিসার ইনচার্জ মো. তুহিনুজ্জামান বলেন, পরকীয়ার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। কাজী আনিসুরের স্ত্রী রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমার পায়ের গুলি বের করতে না পারায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, হামলায় অংশ নেয় ছয়জন। তাদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































