সাবেক রাষ্ট্রপতির ভাই আব্দুল হক নুরু মারা গেছেন

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আব্দুল হক নুরু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
ঢাকা বিম্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তার দেওয়া তথ্যমতে, আবদুল হক নুরুর জন্ম ১৯৫৭ সালের ৫ নভেম্বর; কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে।
তিনি কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, গুরুদয়াল সরকারি কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে লেখাপড়া করেন।
শিক্ষা ও সংস্কৃতি অনুরাগী এই মুক্তিযোদ্ধা নিজের মায়ের নামে প্রতিষ্ঠা করেন তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। মিঠামইন কলেজ গড়ে তোলার পেছনেও তার ভূমিকা আছে। কলেজটি পরে ‘মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ’ নামকরণ হয়।
তিনি মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
অধ্যাপক সামাদ বলেন, তার মরদেহ সিএমএইচে রাখা হবে। সোমবার দুপুরে হেলিকপ্টারে লাশ নেওয়া হবে মিঠামইন। সেখানে জানাজার পর কামালপুর পারিবারিক গোরস্তানে দাফন করা হবে তাকে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































