আইসক্রিমের প্রলোভনে শিশুহত্যা: নিখোঁজের ১২ ঘণ্টা পর মিলল মরদেহ

খুলনা প্রতিনিধি
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৬, ১৩:৩৫| আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১৩:৪৫
অ- অ+

খুলনায় জান্নাতুল মাওয়া (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর গতকাল সোমবার রাত ২টার দিকে নগরীর হরিণটানা গেট সংলগ্ন খেজুরবাগান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু লবণচরা থানাধীন রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা মো. শাহজালালের মেয়ে।

শিশুটির বাবা মো. শাহজালাল জানান, ঈদের দ্বিতীয় দিন বিকালে তার মায়ের ফুফাতো ভাই সম্পর্কে তার মামা তোতা মিয়া তাদের বাড়িতে বেড়াতে আসেন এবং রাতে সেখানেই থাকেন। পরদিন সোমবার সকালে শাহজালাল তার শ্যালক মো. মোশারফ সরদারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সাচিবুনিয়া দক্ষিণ মোহাম্মদনগরে শ্বশুরবাড়িতে যান পরিবারের সদস্যদের নিয়ে। দুপুরে তিনি বরযাত্রীর সঙ্গে বের হয়ে গেলে স্ত্রী, সন্তান ও তোতা মিয়া ওই বাড়িতে অবস্থান করছিলেন।

দুপুর দেড়টার দিকে তোতা মিয়া শিশু জান্নাতুল মাওয়াকে আইসক্রিম কিনে দেয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। মেয়ে ফিরতে দেরি করায় মা আফরোজা আক্তার রুমি তোতা মিয়ার ফোনে যোগাযোগ করলে তিনি জানান, মাওয়া আইসক্রিম খাচ্ছে। ওই সময় শিশুটির সঙ্গে তার মা কথা বলেন। এরপর থেকেই তোতা মিয়ার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বিকালের পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোনও সন্ধান না পেয়ে রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

রাত ২টার দিকে তোতা মিয়া শিশুটির বাবা শাহজালালের ইমোতে তিনটি ভয়েস রেকর্ড পাঠান। এতে তিনি তিনজনের নামে মামলা করতে এবং তাদের কাছ থেকে পাওনা তিন লাখ টাকা আদায়ের কথা বলেন। পরবর্তী আরেকটি ভয়েস বার্তায় শিশুটির মরদেহ হরিণটানা এলাকার একটি ঝোপে ফেলে রাখা হয়েছে বলে জানান।

পরে পুলিশ ও পরিবারের সদস্যরা হরিণটানা গেটের বিপরীত পাশে মহাসড়কের দক্ষিণে খেজুরবাগান এলাকায় ঝোপের ভেতর থেকে গলায় দড়ি বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত তোতা মিয়াকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, তোতা মিয়ার গ্রামের বাড়ি বরিশালের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকায়। তিনি জাহাজে চাকরি করতেন এবং বিভিন্ন কারণে অতীতে কারাভোগও করেছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও কাজী গুলশান আরা গ্রেপ্তার
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার